সড়কে শৃঙ্খলা ফেরাতে ১১১ সুপারিশ

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২০, ২১:৫৯

বিশেষ প্রতিনিধি

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘সড়ক পরিবহন সেক্টরে শৃঙ্খলা জোরদার ও দুর্ঘটনা নিয়ন্ত্রণে ১১১ দফা সুপারিশ বাস্তবায়নে আমরা কাজ করে যাচ্ছি। আশা করছি—খুব দ্রুত এগুলো বাস্তবায়নে যারা কাজ করবেন তাদের বিষয়টি বুঝিয়ে দিতে পারব।’ গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নিরাপদ সড়কসংক্রান্ত টাস্কফোর্সের সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘সড়ক পরিবহন সেক্টরে শৃঙ্খলা জোরদার ও দুর্ঘটনা নিয়ন্ত্রণ করার জন্য সাবেক নৌমন্ত্রী শাজাহান খান ১১১টি সুপারিশমালা দিয়েছিলেন। এগুলো বাস্তবায়নের জন্য একটি টাস্কফোর্স গঠন করা হয়। সেই টাস্কফোর্সের দ্বিতীয় সভা আজ (গতকাল বুধবার) আমরা করেছি। এই সভায় উপস্থিত সবাই কিছু সুচিন্তিত মতামত দিয়েছেন। আমরা প্রথম মিটিংয়ে চার জন সচিবের নেতৃত্বে চারটি কমিটি করে দিয়েছি। এগুলো পর্যালোচনা করে কীভাবে বাস্তবায়ন করা সম্ভব সেটার জন্য প্রত্যেক কমিটি আবার সুপারিশমালা দিয়েছেন। এগুলো বাস্তবায়ন করার জন্য কী কী প্রয়োজন সেটা আগামী বৈঠকে সিদ্ধান্ত নেব।

স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দিন, সুরক্ষাসেবা বিভাগের সচিব মোহাম্মদ শহিদুজ্জামান, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মশিউর রহমান রাঙ্গা, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি শাজাহান খান, ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াছ কাঞ্চন সভায় অনলাইন মাধ্যমে অংশ নেন। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ টাস্কফোর্সের সদস্য ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।