চুরির অভিযোগে প্রতিবন্ধীকে নির্যাতন করে হত্যা

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২০, ২২:১৮

নগরীর পার্কের মোড় কোর্ট পাড়া এলাকায় গতকাল প্রতিবন্ধী অটোচালককে মিথ্যা চুরির অভিযোগ এনে অমানুষিক নির্যাতন করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এর প্রতিবাদে সড়ক অবরোধ ও বিক্ষোভ করে এলাকাবাসী। এ সময় বেশ কয়েকটি অটোসহ যানবাহনও ভাঙচুর করা হয়। এ ঘটনায় নির্যাতনকারী পুলিশ কনস্টেবল ও তার স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে।

জানা যায়, রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারে কর্মরত কনস্টেবল হাসান আলীর একটি অটো ভাড়া নিয়ে চালাত প্রতিবন্ধী নাজমুল ইসলাম। দুই দিন আগে অটোটি চুরি হলে কনস্টেবল হাসান প্রতিবন্ধী নাজমুলকে তার কোর্ট পাড়া এলাকার বাসায় ধরে এনে স্ত্রী সাথি বেগমসহ তাকে অমানুষিক নির্যাতন করে। নির্যাতনে নাজমুল মারা গেলে হাসান ও তার স্ত্রী নিহতের গলায় ফাঁস লাগিয়ে ঘরের সিলিংয়ে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে প্রচার করে। পুলিশ ঘটনাস্থলে এসে লাশ নামালে নিহতের সবগুলো নখ থেঁতলানো ও শরীরের বিভিন্ন স্থানে অসংখ্য আঘাতের চিহ্ন দেখতে পায় এলাকাবাসী। এ সময় এলাকাবাসী হত্যাকারী পুলিশ কনস্টেবল হাসান ও তার স্ত্রী সাথি বেগমকে গ্রেফতার করার দাবি জানিয়ে বিক্ষোভ শুরু করে। খবর পেয়ে রংপুর মেট্রোপলিটান পুলিশের সহকারী কমিশনার আলতাফ হোসেনের নেতৃত্বে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে গেলে বিক্ষুব্ধ জনতা তাদের ঘেরাও করে দায়ীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করতে থাকে। পরে জনতার দাবির মুখে পুলিশ হাসান আলী ও তার স্ত্রীকে গ্রেফতার করে।

সহকারী পুলিশ কমিশনার আলতাফ হোসেন জানান, প্রতিবন্ধী অটোচালককে নির্যাতন করে হত্যার অভিযোগে পুলিশ সদস্য হাসান ও তার স্ত্রী সাথি বেগমকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে নির্যাতনে ব্যবহূত হাতুড়ি ও একটি প্লাস।

তাজহাট থানার ওসি আখতারুজ্জামান জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।