আমাদের অর্থনীতি অনেক ভালো অবস্থানে রয়েছে :অর্থমন্ত্রী

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২০, ২২:২৩

নেপালে সার রপ্তানির জন্য ক্রয়প্রস্তাবসহ মোট চারটি প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। নেপাল সরকারকে ফেরতযোগ্য ঋণ সহায়তা প্রদানের জন্য শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) কর্তৃক কাফকো, বাংলাদেশ হতে ৫০ হাজার টন গ্র্যানুলার ইউরিয়া সার ১০৯ কোটি ৭৪ লাখ ৪৭ হাজার টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে। এই অর্থে নেপালে সার রপ্তানি করা হবে। নেপাল সরকার ঋণ আকারে শিল্প মন্ত্রণালয়ের সঙ্গে চুক্তি অনুযায়ী এই অর্থ পরিশোধ করবে। গতকাল বুধবার ভার্চুয়াল পদ্ধতিতে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সিঙ্গাপুরে অবস্থানরত অর্থমন্ত্রী ভার্চুয়াল সংবাদ সম্মেলনে জানান, কাফকো থেকে সার নিয়ে নেপালে রপ্তানি করা হবে। দেশের সার ঘাটতি মেটাতে প্রতি বছর সার আমদানি করা হয়। এ অবস্থায় সার রপ্তানি কতটা যুক্তিযুক্ত সে প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, সার রপ্তানি করলে আন্তর্জাতিক বিশ্বে আমাদের ভাবমূর্তি আরো ভালো হবে। তিনি বলেন, আমদানি করেও রপ্তানি করা যায়। এক্ষেত্রে তিনি সিঙ্গাপুরের উদাহরণ দিয়ে বলেন, এই দেশটি এক সময় সবকিছুই আমদানি করে তারপর রপ্তানি করত। রাজস্ব আদায় পরিস্থিতি নিয়ে অর্থমন্ত্রী বলেন, ২০২০ সাল শেষে আমরা পর্যালোচনা করে দেখব। তবে আমরা আশাহত না। সব প্রতিকূলতা সত্ত্বেও আমরা প্রবৃদ্ধি অর্জন করছি। করোনার এই সময়ে যখন বিশ্বের বেশির ভাগ দেশে জিডিপি সংকোচন হচ্ছে সেখানে আমাদের প্রবৃদ্ধি ধরে রাখতে পারছি। আমাদের অর্থনীতি অনেক ভালো অবস্থানে রয়েছে।