টেকনাফে ২ লাখ ৭০ হাজার ইয়াবাসহ ট্রলার জব্দ

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২০, ২২:২৪

টেকনাফে একটি ট্রলারে অভিযান চালিয়ে ২ লাখ ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছেন কোস্ট গার্ড জওয়ানেরা। গতকাল বুধবার ভোরে সেন্ট মার্টিন-সংলগ্ন এলাকায় ইয়াবাসহ ট্রলারটি জব্দ করা হয়।

বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ-পূর্ব জোনের টেকনাফ কোস্ট গার্ড অফিসে স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল মাহমুদ সংবাদ সম্মেলনে জানান, বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণপূর্ব জোনের টেকনাফ ও সেন্ট মার্টিন বিসিজি স্টেশনের কোস্ট গার্ড জওয়ানেরা সেন্ট মার্টিনের গলাচিপা ঘাটসংলগ্ন এলাকায় যৌথভাবে অভিযানে যান। এ সময় একটি সন্দেহভাজন কাঠের ট্রলার ধাওয়া করলে তারা কিনারায় ভিড়ে ট্রলারটি ফেলে পালিয়ে    যায়। পরে কোস্ট গার্ড ট্রলারটি জব্দ করে। জব্দকৃত ট্রলার তল্লাশি করে অভিনব কায়দায় লুকানো ২ লাখ ৭০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

কোস্টগার্ড দক্ষিণ-পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার (বিএন) আমিরুল ইসলাম জানান, এই ব্যাপারে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের জন্য জব্দকৃত ট্রলার ও ইয়াবা টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।