দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত এক দিনে আরো ৩০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২১ জন পুরুষ আর নারী ৯ জন। তাদের মধ্যে ১৮ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি, পাঁচ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, পাঁচ জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে এবং দুই জনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ছিল। মৃতদের মধ্যে ১৬ জন ঢাকা বিভাগের, ৯ জন চট্টগ্রাম বিভাগের, এক জন করে মোট তিন জন রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের এবং দুই জন রংপুর বিভাগের বাসিন্দা। গতকাল বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় শনাক্ত ১ হাজার ৩৬৭ জনকে নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ৪ হাজার ৮৬৮ জন হয়েছে। আর গত এক দিনে মারা যাওয়া ৩০ জনকে নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট মৃতের সংখ্যা ৭ হাজার ৩৫৯ জনে দাঁড়িয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিত্সাধীন আরো ২ হাজার ৪১৬ জন রোগী সুস্থ হয়ে উঠেছে গত এক দিনে। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৪৪ হাজার ৩৪৫ জন হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১১৪টি আরটি-পিসিআর ল্যাব, ১৯টি জিন-এক্সপার্ট ল্যাব ও ২৯টি র্যাপিড অ্যান্টিজেন ল্যাবে অর্থাত্ সর্বমোট ১৬৩টি ল্যাবে ১৫ হাজার ৯৩২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৩১ লাখ ২২ হাজার ৪২৬টি নমুনা। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৮ দশমিক ৫৮ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৬ দশমিক ১৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৮ দশমিক ০১ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ। সরকারি ব্যবস্থাপনায় এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ২৪ লাখ ৮২ হাজার ৫২২টি। আর বেসরকারি ব্যবস্থাপনায় হয়েছে ৬ লাখ ৩৯ হাজার ৯০৪টি।
