অবুঝ দুই শিশুর মাকে জামিন

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২০, ০০:৩৩

চুরি ও মারধরের অভিযোগে মায়ের করা মামলায় পুরান ঢাকার বাসিন্দা ওয়াসিমা আক্তারকে ছয় মাসের জামিন দিয়েছে হাইকোর্ট। তবে ওয়াসিমা তার মায়ের সঙ্গে দুর্ব্যবহার করলে তার জামিন বাতিল করা হবে বলে আদেশে বলা হয়েছে। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল মঙ্গলবার এই আদেশ দেয়।

‘আদালতের বারান্দায় দুই শিশুর কান্না, বিচারের বাণী কাঁদল নিভৃতে’ শিরোনামে মঙ্গলবার একটি টিভি চ্যানেলে প্রতিবেদন প্রকাশিত হয়। ঐ প্রতিবেদনের সূত্র ধরে হাইকোর্টে ওয়াসিমার পক্ষে জামিন আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মনিরুজ্জামান আসাদ, শিশির মনির ও কুমার দেবুল দে। একইসঙ্গে প্রতিবেদনটি হাইকোর্টের নজরে আনা হয়।

 ঐ প্রতিবেদনে বলা হয়, শিশু দুটির নানি মোমেনা বেগম নিজের মেয়ে ওয়াসিমা বেগম ও জামাতা তোফায়েলের বিরুদ্ধে চুরি ও মারধরের অভিযোগে বংশাল থানায় মামলা করেন। এই মামলায় তারা গ্রেফতার হয়ে গত শুক্রবার থেকে কারাগারে আছেন।