নাইট কোচের ধাক্কায় ফুলবাড়ীতে অটোচালকের মৃত্যু

আপডেট : ১৯ জানুয়ারি ২০১৯, ১৬:৩১

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার এক অটোচালক তানজিন নামের নাইট কোচের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হয়েছেন। নিহতের নাম আব্দুল খালেক (৪২)। তিনি বালাতারী গ্রামের মৃত আব্দুল খলিলের ছেলে।

এ সময় অটোবাইকের এক যাত্রী মারাত্মক আহত হন। তিনি এখন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। ঘটনাটি ঘটে শনিবার সকালে কুড়িগ্রাম-রংপুর সড়কের লালমনিরহাট সদর উপজেলার মোস্তফী এলাকার সাহসের মোড়ে। পুলিশ নাইট কোচটি আটক করেছে।

স্থানীয় জুয়েল ইসলাম ও জাহাঙ্গীর আলম জানান, ‘আব্দুল খালেক পার্শ্ববর্তী পুর্ব-ফুলমতি গ্রামের মনছুরের ছেলে মশিউর রহমানসহ পুরাতন কাগজপত্র বিক্রি করার জন্য শনিবার সকালে ফুলবাড়ী উপজেলা থেকে লালমনিরহাট সদরের তিস্তার দিকে রওনা দেন। ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামের নাইটকোচ তাজজিন লালমনিরহাট সদরের মোস্তফীর সাহসের মোড় এলাকায় এলে অটোর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোবাইক চালক আব্দুল খালেকের মৃত্য হয়। দুমড়ে-মুচড়ে যাওয়া অটোবাইকের ভিতর থেকে মারাত্মক আহত মশিউরকে স্থানীয়রা উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তার অবস্থা আশংকাজনক।

আরও পড়ুনঃ সাপাহারে বীর মুক্তিযোদ্ধা খন্দকার জাহাঙ্গীর আলমকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

এ প্রসঙ্গে লালমনিরহাট সদর থানার ওসি মাহফুজ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘তানজিন নামের নাইটকোচটি আটক করা হয়েছে। মামলা দায়ের করা হচ্ছে। তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

ইত্তেফাক/নূহু