ফাইজারের পর এবার মডার্নার করোনা ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন দিয়েছে কানাডা। গতকাল বুধবার অটোয়ায় এক সংবাদ সম্মেলনে হেলথ কানাডার চিফ মেডিক্যাল অ্যাডভাইজার ড. সুপ্রিয়া শর্মা এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ভ্যাকসিন অনুমোদনের এই প্রক্রিয়াটি স্বল্প সময়ের মধ্যে সম্পন্ন হলেও হেলথ কানাডার কঠোর মান নিয়ন্ত্রণ প্রক্রিয়া জোরালোভাবে অনুসরণ করা হয়েছে।
তিনি আরো বলেন, যদিও সুড়ঙ্গের শেষে একটি আলো রয়েছে, তবে আমরা জানি যে আমাদের সামনে এখনও অনেক চ্যালেঞ্জ। আমাদের সবাইকে এই ছুটির মৌসুমে এবং নতুন বছরে জনস্বাস্থ্য সংক্রান্ত নির্দেশনাগুলো অনুসরণের জন্য অবশ্যই যথাসাধ্য চেষ্টা করতে হবে।
এদিকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানিয়েছেন, এই মাসের মধ্যে কানাডা ভ্যাকসিনের ১ লাখ ৬৮ হাজার ডোজ পেতে চুক্তি সই করেছে। আগামী কয়েকদিনের মধ্যে মডার্নার কোভিড-১৯ ভ্যাকসিন কানাডায় পৌঁছাবে বলে জানিয়েছেন তিনি।
দ্য বেঙ্গলি টাইমস থেকে আরো জানা গেছে, কানাডিয়ানদের জন্য মডার্নার কোভিড-১৯ ভ্যাকসিনকে কার্যকর ও নিরাপদ হিসেবে বিবেচনা করা হয়েছে। আসন্ন বড়দিন উৎসবের আগেই নাগরিকদের এ ভ্যাকসিনের প্রথম ডোজ দিতে আগ্রহী কর্তৃপক্ষ।
ইত্তেফাক/এমআর
