বিপিএল দেখতে স্টেডিয়ামে কেন যাবেন?

আপডেট : ১৯ জানুয়ারি ২০১৯, ১৬:৫১

 

এস আই জুয়েল

 

ধীরে ধীরে জমে উঠছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ—বিপিএলের ষষ্ঠতম আসর। স্রোতে গা ভাসিয়ে স্টেডিয়ামমুখী হচ্ছেন অনেকেই। তো আপনি কেন এই জোয়ারে থাকবেন না? যদি স্টেডিয়ামে গিয়ে খেলা দেখার মতো কোনো ইস্যু না পান, তাহলে এগুলো দেখে নিন—

v আপনার টিভির পর্দায় মুখ দেখানোর চাপা ইচ্ছাটা বহুদিনের। চেষ্টা করেও কখনো সেই সুযোগ হয়নি আপনার। এক কাজ করুন—প্ল্যাকার্ড নিয়ে স্টেডিয়ামে চলে যান। সবচেয়ে বেশি ভিড় যেখানে, সেখানে গিয়ে বসবেন। কেননা, টিভির পর্দায় ‘লোকজনের ভিড়’-এর বিষয়টা বোঝানোর একটা ব্যাপার থাকে। আর যদি প্ল্যাকার্ডে সম্প্রচারকারী টেলিভিশনকে ধন্যবাদ লিখে জানাতে পারেন, তারাও আপনার ছবিখানা তাদের টিভির পর্দায় দেখিয়ে আপনাকে ধন্য করবে।

v গার্লফ্রেন্ড ডেটিংয়ের নাম করে রেস্টুরেন্টে ঢুকে আপনার পকেট খসাচ্ছে? এদিকে, বিকল্প ডেটিং প্লেসও পাচ্ছেন না? তাহলে স্টেডিয়ামই হতে পারে—আপনার জন্য নিরাপদ জায়গা। দু পকেটে দশ+দশ=বিশ টাকার বাদাম কিনে রেখে স্টেডিয়ামে ঢুকে পড়ুন। খেলা শেষ হবে, মাগার আপনার পকেটের বাদাম শেষ হবে না!

v এবারের বিপিএল একটু বেশিই ঘুমপাড়ানি। খেলাগুলো জমছে। কিন্তু চার-ছয় হচ্ছে না তেমন। আর ছয় না হওয়া মানে, গ্যালারির দর্শকদের বিপদের ভয় কম। আপনি যদি স্ত্রীর প্যারা বা অন্য কোনো কারণে ঠিকঠাক ঘুমাতে না পারেন, তাহলে খেলা দেখার ছুঁতোয় স্টেডিয়ামে চলে আসুন। আরামসে ঘুম দিন, যেহেতু ছয় খুব কম হয়, আপনি নির্ভার থাকতে পারবেন। তবে সাবধান! টিভির পর্দায় আপনার ঘুমন্ত দৃশ্য ধারণ করলে, আর তা যদি আপনার স্ত্রীর দৃষ্টিগোচর হয় তো...

v আপনি কি সন্দিহান—আপনার গার্লফ্রেন্ড আপনাকে ব্যতীতও আরও অনেকের সঙ্গেই সম্পর্ক বজায় রাখছে? সে কারণেই কি সে কখনো ফেসবুকে আপনাদের যুগল ছবি পোস্ট করেনি কখনো? এক কাজ করুন—তাকে আপনার সঙ্গে স্টেডিয়ামে গিয়ে খেলা দেখার অফার দিন। এটা তো জানেনই—ক্যামেরার পর্দা সর্বদা মেয়েদের মুখগুলোই খুঁজে বেড়ায়। সে যদি আপনার সঙ্গে যায় তো তার সঙ্গে সঙ্গে আপনার বদনখানিও জাতি দেখতে পাবে। সে যদি যেতে রাজি হয়—তাহলে ওকে। আর না রাজি হলে বুঝে নিবেন—নিশ্চয়ই কোনো গাপলা আছে!

v বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে...। কিন্তু বাসায় বিয়ের নামগন্ধ পর্যন্ত করছে না। এক কাজ করুন—প্ল্যাকার্ডে ‘ম্যারি মি গেইল’ বা এই টাইপ কোনো কথা লিখে সোজা স্টেডিয়ামে চলে যান। গেইলের নজরে পড়ুক আর না পড়ুক আপনার এই আকুতি অচিরেই ভাইরাল হয়ে আপনার পরিবারের সদস্যদের চক্ষু গোচর হবে। সুতরাং শাদি মোবারক!

v সেলফি তোলার জন্য উপলক্ষ খুঁজে পাচ্ছেন না? এদিকে ফেসবুকে সেলফি দিতে না পারলে মনও যে খচখচ করে! গ্যালারিতে দাঁড়িয়ে সেলফি তুলুন। এমনভাবে তুলুন, যাতে খেলোয়াড়দের মুখ স্পষ্ট দেখা না যায়। তারপর ‘গোঁফওয়ালা তাসকিনের সঙ্গে!’ কিংবা ‘এমপি সাহেবের সাথে একদিন!’—এই টাইপ ক্যাপশন দিন!

v ফ্রি জিনিসের প্রতি আমাদের আগ্রহ প্রবল। বিপিএলে এক টিকেটে পরপর দুটো খেলা দেখার ব্যবস্থা আছে। আপনি তো মাগনা আলকাতরা পেলে মাথায় মাখতে ছাড়েন না! একটার খেলার সঙ্গে আরেকটা খেলা দেখার এই ‘ফ্রি’ ব্যবস্থার সুযোগটা কেন গ্রহণ করবেন না!

v গার্লফ্রেন্ড বিয়ের জন্য চাপ দিচ্ছে। এদিকে, বাড়িতেও বিয়ের কথা তুলতে পারছেন না? এক কাজ করুন—দুজনে স্টেডিয়ামে গিয়ে ক্লোজ হয়ে বসে থাকুন। টিভির পর্দা আপনাদেরকে খুঁজে নেবেই। হয়তো বাড়ির লোকদের নজরেও পড়ে যেতে পারেন। অর্থাত্ টেলিভিশনের পর্দায়ই হয়ে উঠতে পারে আপনার কাঙ্ক্ষিত বিয়ের ঘটক!

v বাসায় বসে যে আরামে খেলা দেখবেন, সেই সুযোগ যখন নাই (টিভির রিমোট তো সিরিয়ালপ্রেমী স্ত্রীর হাতে!), তখন আপনার জন্য বিকল্প উপায় তো স্টেডিয়ামই!