নেইমারদের কোচ টুখেল বরখাস্ত

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২০, ১৯:৩৩

প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি) কোচ টমাস টুখেলকে বরখাস্ত করেছে ক্লাব কর্তৃপক্ষ। ফরাসি সংবাদ মাধ্যমগুলো এই খবর প্রকাশ করেছে। নেইমার-এমবাপ্পেদের নতুন কোচ হতে পারেন মাউরিসিও পচেত্তিনো। 

কয়েক মাস আগেই দলকে প্রথমবারের মতো নিয়ে গিয়েছিলেন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে, গত মৌসুমে জিতেছেন লিগ শিরোপাসহ সব কটি ঘরোয়া ট্রফিও। এই মৌসুমেও টুখেলের অধীনে পিএসজি খুব খারাপ খেলছে তা নয়। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে পিএসজি, লিগের শীর্ষে থাকা লিওঁ’র চেয়ে পিছিয়ে আছে মাত্র এক পয়েন্টে। বুধবার সর্বশেষ ম্যাচেও স্ট্রসবার্গের বিপক্ষে পেয়েছে ৪-০ গোলের বড় জয়। টুখেলের বরখাস্ত হওয়ার কারণটা তাই স্বাভাবিকভাবেই ধোঁয়াশায় আছে। 

তবে বুধবার ম্যাচের আগে সাংবাদিকদের দেয়া একটি বিতর্কিত সাক্ষাৎকার তার হঠাৎ বিদায়ের নেপথ্যের মূল ভূমিকা রাখতে পারে। সাক্ষাৎকারে টুখেল বলেছিলেন, 'এইখানে (পিএসজিতে) মাঝে মাঝে নিজেকে ফুটবল কোচের চেয়ে বরং ক্রীড়া মন্ত্রী বা ক্রীড়া রাজনীতিবিদ মনে হয়।' সম্ভবত তার এই কথাতেই চটেছে পিএসজি কর্তৃপক্ষ।

ফরাসি ম্যানেজার টুখেল নেইমারদের দায়িত্ব নিয়েছিলেন ২০১৮-১৯ মৌসুমের শুরুতে। পিএসজির সাথে এই মৌসুমের শেষ পর্যন্ত ছিল তার চুক্তি। টুখেলের উত্তরসূরি হতে যাচ্ছেন প্রাক্তন টটেনহাম হট¯পার্স ম্যানেজার মরিসিও পচেত্তিনো। এর আগে এসপানিওল, সাউদাস্পটন ও পার্সের মতো দলের কোচের দায়িত্ব পালন করা এই আর্জেন্টাইন খেলোয়াড়ি জীবনে পিএসজির জার্সি গায়ে খেলেছেনও দুই মৌসুম। 

ইত্তেফাক/এসআই