ছয় মাসের মধ্যে টেকসই হবে পুঁজিবাজার:বিএসইসি চেয়ারম্যান

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২০, ২১:১২

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান প্রফেসর শিবলী রুবাইয়াত-উল ইসলাম বলেছেন, আগামী ছয় মাসের মধ্যে টেকসই হবে পুঁজিবাজার। বিএসইসি ক্ষুদ্র বিনিয়োগকারীদের বিনিয়োগের নিরাপত্তা দেবে। অনেক দুষ্ট শক্তি পুঁজিবাজার নিয়ে নানা সময় খেলা করেছে। খেলার সময় শেষ হয়ে আসছে; ঐ সময় চাইলেও আর তারা খেলতে পারবে না।

গতকাল বৃহস্পতিবার দৈনিক ‘বাণিজ্য প্রতিদিন’-এর অনলাইন ভার্শনের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত ‘রোল অব ক্যাপিটাল মার্কেট ইন কিপিং ইকোনমি ভাইব্রেন্ট ডিউরিং কোভিড-১৯ প্যান্ডামিক’ শীর্ষক একটি সেমিনারে তিনি এসব কথা বলেন। বিএসইসির অডিটোরিয়ামে সেমিনারটি অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসইসির কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ ও কমিশনার প্রফেসর ড. মো. মিজানুর রহমান। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কমিশনের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. রেজাউল করিম।

প্যানেল স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন বিডি ফাইন্যান্সের চেয়ারম্যান ও আনোয়ার গ্রুপের এমডি মানোয়ার হোসাইন, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) প্রেসিডেন্ট মো. ছায়েদুর রহমান এবং ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের (সিএমজেএফ) সভাপতি হাসান ইমাম রুবেল। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের সাধারণ সম্পাদক মনির হোসেন। সেমিনার শেষে পত্রিকার অনলাইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএসইসি চেয়ারম্যান। সভাপতিত্ব করেন বাণিজ্য প্রতিদিনের সম্পাদক এ কে এম রাশেদ শাহরিয়ার।

বিএসইসি চেয়ারম্যান বলেন, বাজার ডিমান্ড-সাপ্লাই (চাহিদা-যোগান) এর ওপর নির্ভর করে ওঠানামা করবে। ওঠানামা হবে সাসটেইনেবল (টেকসই)। এর মধ্যে কোনো দুষ্ট শক্তি এসে যেন ক্ষুদ্র বিনিয়োগকারীদের নিঃস্ব করে যেতে না পারে সেটা আমরা খেয়াল রাখছি। আগামী ছয় মাসের মধ্যে একটি টেকসই পুঁজিবাজার পাব।

তিনি বলেন, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশসহ (আইসিবি) আমাদের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে যাতে ঠিকভাবে রোল প্লে করতে পারে সেদিকেও আমরা খেয়াল রাখছি। কিছুদিন পর আপনারাও বুঝতে পারবেন এই ক্যাপিটাল মার্কেটে সাসটেইনেবলিটি খুব বেশি দূরে নেই।