সহজ উচ্চারণ

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২০, ২১:৪৩

তুমি ভুলে যাবে একদিন, ভুলে যাবো আমিও হয়তো লোকমুখে থেকে যাবে হারিয়ে যাওয়া নদীর কথা

আক্ষেপ উচ্চারণ ফিরে যাবে দক্ষিণা হাওয়ায়

আহা এইখানে নাব্যতা ছিল, ছিল, স্রোতের মিলন

দুকূল ছলাত্ ছলাত্ প্রেমের কোলাহল

ঢেউয়ে ঢেউয়ে ভেসেছিল মধুর আলাপন।

 

ভেঙেছে দুকূল তার, ভেঙেছে হূদয়

নিতান্ত অবহেলায় দেখনি তুমি সমুদ্রমন্থন

নরম রোদে নিবিড় প্রহর

ধূসর স্মৃতিতে আলোছায়া কেবলি।

 

জীবন বদলে যায়, বদলে যাওয়া নদীর মতো

প্রতীক্ষার প্রহরগুলি জেগে থাকে শুকতারা হয়ে

আকাশ বিষণ্ন হয়, ঝরে পড়ে অভিমান

অলস বিকেলে নিজের সাথে কথোপকথন

হূদয় হারানোর সেই গান ভুলি কেমন করে।

 

অভিমান বুকে আমি আকাশ হয়েছি

বেলা অবেলার জমে থাকা মেঘের মেলা

বৃষ্টির জলে হারিয়ে যাওয়া গল্পগুলি

আমি সমুদ্র হয়েছি তোমার অপেক্ষায়।