[অধ্যাপক ড. আনিসুজ্জামান শ্রদ্ধাস্পদেষু]
‘আমাদের যাকে যাকে প্রয়োজন তারাই পালায়
দূরের সমুদ্রে চলে যায়’—কথোপকথন ১, পূর্ণেন্দু পত্রী
আমাদের মাথার ওপর পর্যাপ্ত ছাতা নেই; আগলাবে
বর্ষা, সামলাবে গ্রীষ্মের দাবদাহ, খরা। আমাদের অত
বেশি বটবৃক্ষ নেই; দুর্দিনে জোগাবে আশ্রয়, ঠেকাবে
ঝঞ্ঝা, দেখাবেন দিশা জ্ঞান ও প্রজ্ঞায়, নীতি ও নিষ্ঠায়,
যখন অমানিশা ঢেকে দেয় অনিশ্চিত আগামীর পথ।
অকস্মাত্ অনেকেই গেলেন চলে অন্তিম যাত্রায়,
আরও কারা যে আছেন অপেক্ষায় দুর্যোগের কালে!
আহা, যদি রাখা যেত আগলে অলৌকিক অর্গলে,
যে-রকম আমাদের রাখতেন তাঁরা ক্রান্তি সময়ে;
বইতেন বিবেকের ভার, ওড়াতেন প্রগতি-পতাকা,
তাঁদের হারানোর দেনা শোধ করা সকলের দায়।
আমাদের সুফলা বদ্বীপে এত বেশি আগাছার চাষ,
একটি বৃক্ষের জন্য অপেক্ষায় থাকি কত বারোমাস!
