ফেডারেশন কাপ ফুটবলের ফাইনাল ১০ জানুয়ারি। এর তিন দিন পরই মাঠে গড়াবে প্রিমিয়ার ফুটবল লিগ। গতকাল বাফুফের সভা শেষে জানানো হয় ১৩ জানুয়ারি খেলা শুরু হবে।
ফুটবল ক্লাবগুলোর মধ্যে লাইসেন্স না করার প্রবণতা লক্ষ্য করেছে বাফুফে। ১৩ ক্লাব প্রিমিয়ার লিগে খেলছে। পেশাদার লিগ এটি। অথচ বেশির ভাগ দলের মধ্যে পেশাদারিত্বের অভাব। এএফসি এবার লাইসেন্স দেওয়ার ঘোষণা করলে ১৩ ক্লাবের মধ্যে মাত্র ছয় ক্লাব আবেদন করেছিল। এর মধ্যে যাচাইবাছাই করে মাত্র চার ক্লাব লাইসেন্স পায়। এএফসি কাপে খেলতে হলে লাইসেন্স থাকতে হবে। বাফুফে উদ্বিগ্ন অন্যান্য ক্লাবের কেন লাইসেন্স নেই। পেশাদারি কাঠামোয় আনতে বাফুফে এবার ক্লাবগুলোর লাইসেন্সের জন্য জোর দিতে চায়-গতকাল বাফুফের সভা শেষ জানিয়েছেন সভাপতি কাজী সালাহউদ্দিন। তিনি বলেছেন, ‘ক্লাবগুলোর লাইসেন্স না থাকাটা দুঃখজনক। লাইসেন্সের দিকে জোর দিতে হবে।’
গতকাল বিকালে বাফুফের লম্বা সভা হয়েছে। প্রতিবারই বাফুফের কর্মকর্তারা নিজের ব্যবসা-বাণিজ্য অন্যান্য কর্মকাণ্ড শেষ করে দুপুরের পর সভায় বসেন। সভা শেষ করতে সন্ধ্যা গড়িয়ে যায়। সভা শেষে সংবাদমাধ্যমকে বাফুফে জানায় আগামী মাসের প্রথম সপ্তাহে বাফুফের জিমনেসিয়াম স্থাপনের কাজ শুরু করবে। বাফুফে ভবনের সামনে সবুজ ঘাস, চারদিকে সুবজে ঘেরা পরিবেশ। সেই পরিবেশ থাকবে কি না তা বলা কঠিন। তবে বাফুফের সিদ্ধান্ত হচ্ছে সবুজের ওপরেই জিমনেসিয়াম গড়ে তোলা হবে। আধুনিক জিমনেসিয়াম গড়তে এরই মধ্যে অনেক দূর এগিয়েছে বাফুফে। তবুও ভালো, বহুল প্রতীক্ষার জিমনেসিয়াম হতে যাচ্ছে।
শুধু জিম নয়, জানুয়ারিতেই ভাড়া করা ভবনে বাফুফে একাডেমির কাজও শুরু করতে চায় বাফুফে। এসবকিছূ আগেও বলা হয়েছে। কিন্তু কালকে বাফুফের সভায় অনুমোদনের কাজগুলো সেরে নেওয়া হয়েছে।
নারী ফুটবল নিয়েও আলোচনা হয়েছে কালকের সভায়। ফিফার র্যাংকিংয়ে ১৭টি দেশসহ বাংলাদেশের নাম নেই। কাল সভা শেষে কাজী সালাহউদ্দিন জানিয়েছেন করোনার কারণে নারী ফুটবলে আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়নি। ৯টি দেশের সঙ্গে আলোচনা হয়েছে। প্রীতি ম্যাচ খেলা হবে।
সালাহউদ্দিন জাতীয় ফুটবল দল নিয়েও কথা বলেছেন। আগামীতে জাতীয় দলের যেসব খেলা হবে তখন ক্লাবের খেলাও চলবে। ঐ সময় জাতীয় দল যেন পর্যাপ্ত সময় নিয়ে অনুশীলন করতে পারে তার জন্য বাফুফে ক্লাবগুলোর সঙ্গে কথা বলবে।
