ম্যারাডোনার শরীরে মাদক মেলেনি

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২০, ২১:৪৬

মদ ও নিষিদ্ধ ড্রাগজনিত সমস্যা আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনাকে তাড়া করেছে সারা জীবনই। মৃত্যুর আগে সর্বশেষ মেডিক্যাল রিপোর্টেও তার রক্তে ধরা পড়েছিল ব্যাপক মাত্রার মাদক দ্রব্যের উপস্থিতি। কিন্তু মৃত্যুপরবর্তী ময়নাতদন্তে তার শরীরে পাওয়া যায়নি কোনো মাদক বা নেশাজাত দ্রব্য। ম্যারাডোনার মৃত্যুর এক মাস পর গত বুধবার প্রকাশিত ময়নাতদন্তের রিপোর্টে এই তথ্য জানা গেছে। 

এই রিপোর্টে আরো উঠে এসেছে মৃত্যুর আগে ম্যারাডোনার ফুসফুসের গতি স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ হয়ে গিয়েছিল। মৃত্যুকালে তার ফুসফুস, যকৃত ও কিডনিও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত অবস্থায় ছিল।

গত ২৫ নভেম্বর  ৬০ বছর বয়সে মৃত্যুবরণ করেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার, ডিয়েগো ম্যারাডোনা। প্রাথমিকভাবে জানানো হয়েছিল, হূদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন তিনি। চিকিত্সায় অবহেলার ফলে তার মৃত্যু হয়েছে বলে বেশ কয়েক বার অভিযোগ করেছে তার পরিবার। এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী বা আদালত কোনো রায় না দিলেও ম্যারাডোনার মনোবিদ অগাস্তিনা কোসাচভ এবং তার দীর্ঘ দিনের চিকিত্সক লিওপোলদো লুক বর্তমানে পুলিশি তদন্তের অধীনে আছেন।