নেইমারদের ম্যানেজার টুখেল বরখাস্ত

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২০, ২১:৪৬

প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি) ম্যানেজার টমাস টুখেলকে বরখাস্ত করেছে ক্লাব কর্তৃপক্ষ। ফরাসি সংবাদমাধ্যমগুলো এই খবর প্রকাশ করেছে। নেইমার-এমবাপেদের নতুন কোচ হতে পারেন মাউরিসিও পচেত্তিনো।

কয়েক মাস আগেই দলকে প্রথমবারের মতো নিয়ে গিয়েছিলেন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে, গত মৌসুমে জিতেছেন লিগ শিরোপাসহ সবকটি ঘরোয়া ট্রফিও। এই মৌসুমেও টুখেলের অধীনে পিএসজি খুব খারাপ খেলছে তা নয়। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে, লিগ টেবিলের শীর্ষে থাকা লিওঁ’র চেয়ে পিছিয়ে আছে মাত্র এক পয়েন্টে। গত বুধবার সর্বশেষ ম্যাচেও স্ট্রসবার্গের বিপক্ষে পেয়েছে ৪-০ গোলের বড় জয়। টুখেলের বরখাস্ত হওয়ার কারণটা তাই স্বাভাবিকভাবেই ধোয়াশায় আছে।

তবে বুধবার ম্যাচের আগে সাংবাদিকদের দেওয়া একটি বিতর্কিত সাক্ষাত্কার তার হুট করে চাকরিচ্যুত হওয়ার পেছনে মূল ভূমিকা রাখতে পারে। সাক্ষাত্কারে টুখেল বলেছিলেন, ‘এখানে (পিএসজিতে) মাঝেমধ্যে নিজেকে ফুটবল কোচের চেয়ে বরং ক্রীড়ামন্ত্রী বা ক্রীড়া রাজনীতিবিদ মনে হয়।’ সম্ভবত তার এই কথাতেই চটেছে পিএসজি কর্তৃপক্ষ।

ফরাসি ম্যানেজার টুখেল নেইমারদের দায়িত্ব নিয়েছিলেন ২০১৮-১৯ মৌসুমের শুরুতে। পিএসজির সঙ্গে এই মৌসুমের শেষ পর্যন্ত ছিল তার চুক্তি। টুখেলের সম্ভাব্য উত্তরসূরি হতে যাচ্ছেন প্রাক্তন টটেনহাম হটস্পার্স ম্যানেজার পচেত্তিনো। এর আগে এসপানিওল, সাউদাম্পটন ও স্পার্সের মতো দলের কোচের দায়িত্ব পালন করা এই আর্জেন্টাইন খেলোয়াড়ি জীবনে পিএসজির জার্সি গায়ে খেলেছেনও দুই মৌসুম।