উড়ছে এসি মিলান

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২০, ২১:৪৭

থিও হার্নান্দেজের শেষ সময়ের গোলে ল্যাজিওকে ৩-২ ব্যবধানে হারিয়ে সিরি আ-র শীর্ষস্থান ধরে রেখেছে এসি মিলান। লা লিগায় গ্রানাডার বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। ইংলিশ লিগ কাপে এভারটনকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ম্যানচেস্টার ইউনাইটেড।

ইউরোপের শীর্ষ পাঁচ লিগে একমাত্র অপরাজিত দলের তকমাটা ধরে রাখল ম্যানেজার স্টেফানো পিওলির এসি মিলান। বুধবার সান সিরো স্টেডিয়ামে ল্যাজিওর বিপক্ষে ম্যাচে ১৭ মিনিটের মধ্যেই আন্তে রেবিচ ও হাকান কালহ্যানাগলোর গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় মিলান। কিন্তু এরপর লুইস আলবার্তো ও সিরো ইমোবিলের গোলে সমতা ফেরায় ল্যাজিও। অতিরিক্ত সময়ে যখন ড্রয়ের দিকে এগোচ্ছিল ম্যাচ, তখন কর্নার থেকে ডিফেন্ডার থিও হার্নান্দেজ গোল করলে জয় নিশ্চিত হয় মিলানের। এই জয়ের ফলে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান অক্ষুণ্ন রেখেই বড়দিন উদ্যাপন করবে ইব্রাহিমোভিচরা। বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্তাসের চেয়ে এখন ১০ পয়েন্টে এগিয়ে আছে তারা।

লা লিগায় ডি স্টেফানো স্টেডিয়ামে ক্যাসেমিরো ও করিম বেনজেমার গোলে গ্রানাডাকে ২-০ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। এই জয়ে টেবিলে শীর্ষে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে বেনজেমারা। তবে নগর প্রতিদ্বন্দ্বীদের চেয়ে ২ ম্যাচ বেশি খেলেছে তারা।  ওদিকে ইংলিশ লিগ কাপের কোয়ার্টার ফাইনালে এডিনসন কাভানি ও এন্থনি মার্শিয়ালের শেষ সময়ের গোলে এভারটনকে ২-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। সেমিতে তাদের প্রতিপক্ষ হবে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি।