অনাড়ম্বর আয়োজনে ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২০, ২১:৪৮

৬৮ বছরে পা দিয়েছে দেশের প্রাচীন ও ঐতিহ্যবাহী দৈনিক ইত্তেফাক। করোনা মহামারির কারণে ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেন্দ্রীয়ভাবে গতকাল কোনো আনুষ্ঠানিকতার আয়োজন করা হয়নি। তবে ঢাকার বাইরে বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে দোয়া-মোনাজাত ও সীমিত অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :

রংপুর :রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিলনায়তনে বর্ষপূর্তি অনুষ্ঠানের আয়োজন করে রংপুর অফিস। স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে অনুষ্ঠানে কেক কাটা ও আলোচনাসভা করা হয়। দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার গোলাম মোস্তফা আনছারীর সভাপতিত্বে ও ফটো সাংবাদিক এম মিরু সরকারের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সিটি করপোরেশনের মেয়র মো. মোস্তাফিজার রহমান মোস্তফা।

খুলনা অফিস :বেলা ১২টায় এ উপলক্ষ্যে খুলনা বু্যুরো অফিসের উদ্যোগে স্থানীয় প্রেসক্লাব মিলনায়তনে কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। পরে প্রেসক্লাব চত্বর থেকে নগরীতে শোভাযাত্রা বের করা হয়।

সিলেট :সিলেট প্রেসক্লাবের ‘আমিনূর রশীদ চৌধুরী মিলায়তনে’ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, গণমানুষের পত্রিকা দৈনিক ইত্তেফাক দেশের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী। এতে সভাপতিত্ব করেন ইত্তেফাকের ব্যুরো চিফ হুমায়ূন রশিদ চৌধূরী।

গাজীপুর :সকালে গাজীপুর জেলা প্রশাসনের নাটমন্দিরে কেক কাটা ও আলোচনাসভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম। দৈনিক ইত্তেফাকের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ মুজিবুর রহমান সভাপতিত্ব করেন।

দিনাজপুর :সকাল ১০টায় দিনাজপুর শহরের মালদহপট্টিস্থ দৈনিক ইত্তেফাকের দিনাজপুর অফিসে আলোচনাসভার আয়োজন করা হয়। দৈনিক ইত্তেফাক দিনাজপুর অফিসের স্টাফ রিপোর্টার মো. মতিউর রহমানের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বৃহত্তর দিনাজপুরের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জাকিয়া তাবাসসুম জুঁই।

চাঁপাইনবাবগঞ্জ :বিকাল সাড়ে ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ।

রাজবাড়ী :বিকালে রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দৈনিক ইত্তেফাকের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। আয়োজনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক সারোয়ার আহমেদ সালেহীন।

হবিগঞ্জ :প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কেক কাটেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি মনসুর উদ্দিন আহমেদ ইকবাল সভাপতিত্ব করেন।

নেত্রকোনা :নেত্রকোনা জেলা প্রেসক্লাবে আলোচনাসভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল হান্নান রঞ্জনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান।

নাটোর :দুপুরে নাটোর প্রেসক্লাবে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সুধীজনরা ইত্তেফাককে শুভেচ্ছা জানিয়ে বলেন, স্বাধিকার থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধসহ গণতান্ত্রিক সব আন্দোলন সংগ্রামে দৈনিক ইত্তেফাকের অবদান রয়েছে। নাটোর প্রেসক্লাবের সভাপতি মো. জালাল উদ্দিনের সভাপতিত্ব ও ইত্তেফাকের নাটোর প্রতিনিধি এম জাহীদুল হুদা ফরহাদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র উমা চৌধুরী জলি।

জামালপুর :প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সকালে পত্রিকাটির জেলা প্রতিনিধি এস এম এ হালিম দুলালের নেতৃত্বে জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে বর্ষপূর্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে র্যালি, কেক কাটা ও আলোচনাসভার আয়োজন করা হয়।

বরগুনা (উত্তর) :দুপুর ১২টায় বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন মনোয়ারের সভাপতিত্বে ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন প্রধান অতিথি প্রেসক্লাব সভাপতি অ্যাড. সঞ্জীব দাস, বিশেষ অতিথি সাবেক সভাপতি চিত্তরঞ্জন শীল, নবনির্বাচিত সি. সহ-সভাপতি জাফর হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক আবু জাফর মো. সালেহ প্রমুখ।

ব্রাহ্মণবাড়িয়া :প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে  কেক কাটা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবির।

নওগাঁ :নওগাঁয় আলোচনাসভা, শোভাযাত্রা ও কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়। দুপুরে নওগাঁ জেলা প্রেসক্লাবের সম্মেলন কক্ষে আলোচনাসভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আ ত ম আব্দুল্লাহ হিল বাকি।

মেহেরপুর :সকালে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির থিয়েটার হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইত্তেফাকের মেহেরপুর জেলা প্রতিনিধি ও মেহেরপুর জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুব চান্দুর সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক শফিউল ইসলাম সরদার।

জয়পুরহাট : জয়পুরহাট প্রেসক্লাবে সন্ধ্যায় স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে সুধী সমাবেশের আয়োজন করা হয়। দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক তফাজ্জল হোসেন মানিক মিয়াসহ মুক্তি সংগ্রামে শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় অনুষ্ঠানে। সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির পিপিএম।

কুড়িগ্রাম :শুভেচ্ছা বিনিময়, আলোচনাসভা ও কেক কাটার আয়োজন করা হয়। ইত্তেফাকের উত্তরোত্তোর সম্মৃদ্ধি কামনা করে বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সৈয়দ শামসুল হক মিলনায়তনে শুভেচ্ছা বিনিময় ও কেক কাটেন অতিথিবৃন্দ।

জুড়ী (মৌলভীবাজার) : বেলা ১১টায় ডাকঘর এলাকায় অবস্থিত ইত্তেফাকের জুড়ী অফিসে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সংবাদদাতা কামরুল হাসান নোমানের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ উপকমিটির সদস্য এস এম জাকির হোসাইন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান প্রমুখ।

কালাই (জয়পুরহাট) সংবাদদাতা : সকালে উপজেলার দৈনিক ইত্তেফাকের অফিসে কেক কেটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশিষ্ট ওষুধ ব্যবসায়ী নূর মোহাম্মদ সরদারের সভাপতিত্বে ও কালাই উপজেলার দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা তৌহিদুল ইসলাম তালুকদার লায়নরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলার নির্বাহী অফিসার মো. মোবারক হোসেন পারভেজ।

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) : বিশিষ্ট সাংবাদিক মো. সোলেমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কসবা পৌরসভার প্যানেল মেয়র মো. আবু জাহের।