সড়ক দুর্ঘটনায় চার জনের মৃত্যু

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২০, ২১:৫৪

দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় চার জনের মৃত্যু হয়েছে। ইত্তেফাক সংবাদদাতাদের পাঠানো খবর।

ভূঞাপুর (টাঙ্গাইল) :ভূঞাপুরে বৃহস্পতিবার ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহতের নাম রনি (৮)। সে ময়মনসিংহের মাজারগঞ্জ গ্রামের শফিকের ছেলে। এদিকে বঙ্গবন্ধু সেতুর গোল চত্বর এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় অভিলাশ নামে এক মোটর সাইকেল চালক মারা গেছেন। বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ওসি কাজী আইয়ুবুর রহমান জানান, সেতুর গোলচত্বর এলাকায় মোটরসাইকেলের চালক উলটো দিক দিয়ে যাওয়ার সময় অজ্ঞাত কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দৌলতপুর (কুষ্টিয়া) :দৌলতপুরে বৃহস্পতিবার সকালে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক চালকল শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের নাম আবু হানিফ (৪২)। তিনি উপজেলার লক্ষ্মীখোলা গ্রামের বজলু মণ্ডলের ছেলে। দৌলতপুর থানার ওসি (তদন্ত) শাহাদত হোসেন জানান, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে এবং ট্রাকচালককে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিকলী (কিশোরগঞ্জ) :নিকলী উপজেলার নিকলী-সিংপুর সড়কের নোয়াপাড়া এলাকায় বুধবার রাতে মোটরসাইকেল-টমটমের মুখোমখি সংঘর্ষে এক জনের মৃত্যু হয়েছে। নিহত হলেন মোটরসাইকেলচালক আমির আমজা (৪০)।