বন্ধ পাটকল চালুর সুপারিশ সংসদীয় কমিটির

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২০, ২২:০৯

পাটকে রক্ষার জন্য সরকারের আয়ত্বে রেখে দেশি-বিদেশি অর্থায়নে বন্ধ পাটকলগুলো আধুনিকায়ন ও সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে ফের সচল করার সুপারিশ করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। গতকাল সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ ব্যাপারে প্রধানমন্ত্রীকে অনুরোধ করতে মন্ত্রণালয়কে পরামর্শ দেওয়া হয়। বৈঠকে বন্ধ ঘোষিত পাটকল শ্রমিকদের জাতীয় পরিচয়পত্র সংশোধনে সার্বিক সহযোগিতা প্রদান এবং মামলা প্রত্যাহার/নিষ্পত্তি করে অবসায়নকৃত শ্রমিক-কর্মচারীদের জরুরি ভিত্তিতে সব ধরনের পাওনাদি পরিশোধের সুপারিশ করে কমিটি। বাংলাদেশ জুট মিলস করপোরেশনকে (বিজেএমসি) একটি কার্যকর ও লাভজনক প্রতিষ্ঠান হিসেবে পুনরুজ্জীবিতকরণে কার্যকর পদক্ষেপ গ্রহণেরও সুপারিশ করে কমিটি। কমিটির সভাপতি মুজিবুল হক চুন্নুর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য—শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, শাজাহান খান, শামসুন নাহার ও আনোয়ার হোসেন (হেলাল) অংশ নেন। গতকাল সংসদ ভবনে অনুষ্ঠিত কৃষি মন্ত্রণালয়সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে করোনাকালে নিম্নমানের জীবনরক্ষাকারী সামগ্রী ও নিম্নমানের কৃষি যন্ত্রপাতি সরবরাহ করায় এসিআই কোম্পানির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে। কমিটির সভাপতি মতিয়া চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য—কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিক, মোসলেম উদ্দিন, মামুনুর রশীদ কিরন, আনোয়ারুল আবেদীন খান, উম্মে কুলসুম স্মৃতি ও হোসনে আরা অংশ নেন।

জেলা-উপজেলায় ওয়ান-স্টপ ক্রাইসিস

সেন্টারের সেল গঠনের সুপারিশ

এদিকে, গতকাল অনুষ্ঠিত মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে মাল্টি-সেকটোরাল প্রোগ্রামের অধীন ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারের কার্যক্রম সম্পর্কে সার্বিক বিষয়ে আলোচনা হয়। এ প্রোগ্রামের আওতায় প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে সেল গঠন করার এবং সেই উদ্দেশ্যে প্রজেক্ট তৈরির সুপারিশ করে কমিটি। এছাড়া বৈঠকে শিশুদের সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির প্রকল্প পরিচালক (পিডি) পরিবর্তনের সুপারিশ করা হয়। কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকির সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য—শাহজাহান মিয়া ও সাহাদারা মান্নান অংশ নেন।