নারায়ণগঞ্জে ইত্তেফাকের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২০, ২২:১৫

বিপুল উত্সাহ-উদ্দীপনার মধ্যদিয়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে শহরের চাষাঢ়া ডাক বাংলোতে গণমাধ্যম কর্মীদের নিয়ে দৈনিক ইত্তেফাকের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার (নারায়ণগঞ্জ) হাবিবুর রহমান বাদলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন, এদেশে হাজার বছর পর একজন বঙ্গবন্ধু ও সিরাজদ্দৌলা আসেন কিন্তু প্রতি বছর প্রতি এলাকায় খন্দকার মোশতাক ও তার বংশধরের সৃষ্টি হয়। সরকার পরিবর্তনের খেলা নয়, ভৌগোলিক কারণে এই রাষ্ট্রকে অকার্যকর রাষ্ট্র বানানোর চেষ্টা হচ্ছে, আফগানিস্তানের মতো। তাই সবাইকে সতর্ক থাকতে হবে। গতকাল দৈনিক ইত্তেফাকের ৬৮ বছরে পদার্পণ উপলক্ষ্যে নারায়ণগঞ্জে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকীতে ভার্চুয়ালভাবে অংশগ্রহণ করেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ আনোয়ার হোসেন। তিনি ইত্তেফাকের মালিক, সাংবাদিক ও শ্রমিক-কর্মচারীদের শুভেচ্ছা জানান। নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জসিম উদ্দিনও দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সংশ্লিষ্টদের শুভেচ্ছা জানান। সাংবাদিক নাসির উদ্দিনের উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তানভীর আহমেদ টিটু, ইত্তেফাকের জেলা ফটো সাংবাদিক তাপস সাহা, যুগান্তরের জেলা প্রতিনিধি রাজু আহমেদ, আবুল হোসেন, মেহেদী হাসান সজিব, আনোয়ার হোসেন, হাবিবুর রহমান শ্যামল, রাশেদুল ইসলামসহ বিভিন্ন পত্রিকার গণমাধ্যম কর্মীরা।