পাঁচ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিশুরা পাবে নতুন বই

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২০, ২২:১৭

নতুন বছরে পাঁচটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৯৪ হাজারের বেশি শিশু নিজ ভাষায় নতুন বই পাবে বলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) থেকে জানা যায়। একই সঙ্গে এসব গোষ্ঠীর দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের হাতে দেওয়া হবে ব্রেইল বই। মোট ২ লাখ ১৩ হাজার ২৮৮টি বই ৯৪ হাজার ২৭৫ জন শিক্ষার্থী পাবে। আর ৯ হাজার ১৯৬ জন দৃষ্টিপ্রতিবন্ধী পাবে ব্রেইল।

অন্য সব শিক্ষার্থীর পাশাপাশি তাদের ভাষায় এসব পাঠ্যবই পাবে তারা। এনসিটিবি জানায়—চাকমা, মারমা, সাদ্রী, ত্রিপুরা ও গারো শিক্ষার্থীরা নতুন বছরে নিজ ভাষায় পাঠ্যবই পাচ্ছে। প্রাক-প্রাথমিক থেকে দ্বিতীয় শ্রেণির সব বই ও তৃতীয় শ্রেণির শিক্ষার্থীরা শুধু বাংলা বই পাবে। পরের বছর থেকে তাদের সাধারণ শিক্ষায় যুক্ত করা হবে। এবছর সাঁওতাল ভাষায় পাঠ্যপুস্তক দেওয়ার কথা থাকলেও তা দেওয়া সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে এনসিটিবি।  উল্লেখ্য, ২০১৬ সাল থেকে প্রাক-প্রাথমিক থেকে তৃতীয় শ্রেণির ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের নিজ ভাষায় পাঠ্যপুস্তক দেওয়া হচ্ছে।