পৈতৃক সম্পত্তির দাবিতে সংবাদ সম্মেলন

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২০, ২২:১৯

গাজীপুর মহানগরীর হাতিয়াব এলাকায় পৈতৃক সম্পত্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী নিরাঞ্জন বর্মণের পরিবার। ভুক্তভোগীর সত্-ভাই ও ভাইয়ের ছেলেরা তাকে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করতে পুলিশের সহায়তায় মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়। গতকাল স্থানীয় একটি পত্রিকা অফিসে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে এ সব অভিযোগ করেন নিরাঞ্জন বর্মণ।

তার দাবি, তিনি পিতা মনমোহন বর্মণের দ্বিতীয় স্ত্রী বামনী বর্মণের একমাত্র ছেলে। অপরদিকে মনমোহনের প্রথম স্ত্রীর তিন ছেলে—মৃত সচীন্দ্র বর্মণ, নরেন্দ্র বর্মণ ও দীজেন্দ্র বর্মণ। মনমোহনের ৩৬ বিঘা সম্পত্তি রয়েছে। বিধান অনুযায়ী নিরাঞ্জন বর্মণ ৯ বিঘা সম্পত্তির মালিক; কিন্তু তার সত্-ভাইয়েরা একত্র হয়ে তাকে পিতার ওয়ারিশ থেকে বঞ্চিত করেছে।  ভুক্তভোগী নিরাঞ্জন বর্মণের পরিবার সংবাদ সম্মেলনে তাদের পৈতৃক ওয়ারিশ সম্পত্তি ভোগদখল ও মিথ্যা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।