নবাবগঞ্জের হরিষকুল পালপাড়া গ্রামের তিনটি মন্দিরে প্রতিমা ভাঙচুর ও অলংকার চুরির ঘটনায় দুই জন গ্রেফতার হয়েছে। এরা হলো সাগর চৌধুরী ও প্রেমা রাজবংশী। নবাবগঞ্জ থানা পুলিশ এবং ডিবি ঢাকা জেলা দক্ষিণের একটি দল গতকাল পৃথক স্থান থেকে তাদের গ্রেফতার করে। সাগর চৌধুরী হরিষকুল গ্রামের মৃত মোকলেস চৌধুরীর ছেলে এবং প্রেমা বলমন্তচর গ্রামের মৃত কার্তিক রাজবংশীর ছেলে। গতকাল নবাবগঞ্জ থানা সূত্রে জানা গেছে, গত রবিবার ও মঙ্গলবার চুরির ঘটনা ঘটে। গতকাল প্রথমে ঘটনার মূল হোতা সাগর চৌধুরীকে গ্রেফতার করা হয়। তার স্বীকারোক্তি ও তথ্যমতে মালামাল উদ্ধার করা হয়। এ ঘটনায় চুরি যাওয়া দুটি সোনার টিপসহ প্রেমা রাজবংশীকে গ্রেফতার করা হয়। সে টিপ দুটি কিনেছিল। নবাবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম শেখ বলেন, গ্রেফতারকৃতদের একই দিন ঢাকার আদালতে পাঠানো হয়েছে।
