আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী আ খ ম জাহাঙ্গীর হোসাইন (৬৬) আর নেই। গতকাল বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিত্সাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ...রাজিউন)। তিনি স্ত্রী, সন্তান, পরিবার-পরিজনসহ অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। আজ শুক্রবার সকাল ১০টায় রাজধানীর মাজার রোডস্থ বাসভবনে মরহুমের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং পটুয়াখালী জেলার নিজ গ্রামে তার জানাজা ও দাফন সম্পন্ন করা হবে। এর আগে ৩ ডিসেম্বর করোনা ভাইরাসে আক্রান্ত বিএসএমএমইউতে ভর্তি হন সাবেক সংসদ সদস্য আ খ ম জাহাঙ্গীর হোসাইন। এর মধ্যে তার করোনা রিপোর্ট নেগেটিভ এলেও শারীরিক অবস্থার উন্নতি হয়নি। আ খ ম জাহাঙ্গীর হোসাইনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোকবার্তায় শেখ হাসিনা দুঃসময়ে বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠায় আ খ ম জাহাঙ্গীরের সংগ্রাম এবং সাংগঠনিক দক্ষতার কথা স্মরণ করেন। তিনি বলেন, ‘আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর হোসাইনের মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে এক শূন্যতার সৃষ্টি হলো।’ আ খ ম জাহাঙ্গীর হোসাইনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি। বিবৃতিতে তিনি মরহুম আ খ ম জাহাঙ্গীর হোসাইনের আত্মার মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। শোক জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি। এছাড়া শোক জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি, আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আব্দুস সবুর প্রমুখ।
