করোনায় কমেছে এডিপি বাস্তবায়নের হার

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২০, ২২:৫৪

চলতি ২০২০-২১ অর্থবছরের পাঁচ মাসে (জুলাই—নভেম্বর) বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) ১৭ দশমিক ৯৩ শতাংশ বাস্তবায়ন হয়েছে। বিগত পাঁচ বছরের মধ্যে এই হার সর্বনিম্ন। টাকার অঙ্কে প্রতি বছর এডিপি বাস্তবায়ন বাড়লেও এবার করোনাকালীন টাকার অঙ্কেও এডিপি বাস্তবায়ন কমেছে। এই পাঁচ মাসে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগগুলো ব্যয় করতে পেরেছে ৩৮ হাজার ৪৭২ কোটি ৭৭ লাখ টাকা। গত ২০১৯-২০ অর্থবছরের একই সময়ে ব্যয় হয়েছিল ৪১ হাজার ৩৮৬ কোটি ৫৫ লাখ টাকা। পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) হালনাগাদ প্রতিবেদনে এমন চিত্র উঠে এসেছে। এর আগে ২০১৫-১৬ অর্থবছরের পাঁচ মাসে সর্বনিম্ন ১৭ শতাংশ এডিপি বাস্তবায়ন হয়েছিল।

চলতি ২০২০-২১ অর্থবছরে এডিপিতে বরাদ্দ দেওয়া হয়েছে ২ লাখ ১৫ হাজার ৪৩ কোটি টাকা। কিন্তু করোনার কারণে এ বছর এডিপি বাস্তবায়নের হার কম হবে এমনটি ধারণা সংশ্লিষ্টদের। অর্থবছরের শুরুতেই কৃচ্ছ্রতার নীতি গ্রহণ করা হয়। এবার ব্যয় কমিয়ে বাজেট সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে মন্ত্রণালয়গুলোকে কোনোভাবে নতুন করে অতিরিক্ত বরাদ্দ দেওয়া হবে না বলে        জানিয়ে দিয়েছে অর্থ মন্ত্রণালয়। বাজেট সংশোধন একটি ধারাবাহিক প্রক্রিয়া। প্রতি অর্থবছরের মাঝামাঝি এটি করা হয়। কিন্তু এবারের প্রেক্ষাপটে ভিন্নতা রয়েছে। কারণ করোনা পরিস্থিতিতে সরকারের স্বাস্থ্য ও কৃষি খাতে ব্যয় অস্বাভাবিক বেড়েছে। এছাড়া বিভিন্ন খাতে প্রণোদনা ব্যয়ও বাড়ছে।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা যায়, চলতি অর্থবছরের পাঁচ মাসে রাজস্ব আদায়ের লক্ষ্য ছিল ১ লাখ ১২ হাজার ৯৬০ কোটি টাকা। কিন্তু আদায় হয়েছে ৮৭ হাজার ৯৩ কোটি টাকা। কাঙ্ক্ষিত রাজস্ব আদায় না হওয়ায় সরকারকে ব্যয় নির্বাহ করতে ঝুঁকতে হচ্ছে ঋণের দিকে। তাছাড়া কৃচ্ছ্রসাধনের মাধ্যমেও ব্যয় কমিয়ে আনার চেষ্টা করা হচ্ছে।

এমন অবস্থায় করোনা পরিস্থিতি মোকাবিলায় সরকারের পরিচালন ও উন্নয়ন ব্যয় কমিয়ে সংশোধন করা হচ্ছে চলতি বাজেট।