বাংলাদেশের সরকারি গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশন- বিটিভির ৫৫ বছর পূর্তি আজ। ১৯৬৪ সালের ২৫ ডিসেম্বর পাকিস্তান টেলিভিশন নামে চালু হয়েছিল পতিষ্ঠানটি। এরপর বাংলাদেশের জন্মের পরের বছর সরকারি প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করে বাংলাদেশ টেলিভিশন। ১৯৮০ সাল থেকে শুরু হয় রঙিন সম্প্রচার। এখন বিটিভি ওয়ার্ল্ডের মাধ্যমে দেশের বাইরেও নেটওয়ার্ক বিস্তৃত হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে গতকাল ২৪ ডিসেম্বর বিটিভির রামপুরার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিটিভির মহাপরিচালক এস এম হারুন-অর-রশীদ, অনুষ্ঠান ও পরিচালনা পরিচালক জগদীশ এষ, উপ-মহাপরিচালক (অনুষ্ঠান) ড. তাসমিনা আহমেদ, উপ-মহাপরিচালক (বার্তা) অনুপ খাস্তগীর, ঢাকা কেন্দ্রের জেনারল ম্যানেজার নাসির মাহমুদসহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও প্রযোজকবৃন্দ।
সংবাদ সম্মেলনে মহাপরিচালক হারুন-অর-রশীদ বলেন, একবিংশ শতাব্দীতে এসে অন্যান্য টেলিভিশনের মতো আমরাও যুগোপযোগী হতে চেষ্টা চালিয়ে যাচ্ছি। বিটিভিকে সব সময় প্রান্তিক মানুষদের সুযোগ করে দিতে হয়। জনরুচির ইতিবাচক পরিবর্তনকে অনুপ্রেরণা জোগানো হলো বাংলাদেশ টেলিভিশনের দায়িত্ব।
করোনা মহামারির জন্য প্রতিষ্ঠাবার্ষিকীতে কোনো আয়োজন নেই। তবে বিটিভির কর্মকর্তা-কর্মচারীরা নিজেরাই স্বল্প পরিসরে উদ্যাপন করবেন দিনটি। এছাড়া আজ সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত লাইভ অনুষ্ঠান প্রচার করবে।
