‘বি কেয়ারফুল, কঠিন জবাব দেওয়া হবে’

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২০, ০১:০২

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, ‘আমাদের চাওয়া পাওয়ার কিছু নাই। এগুলো আমার দায়িত্ব তাই করেছি। ভোট পাওয়ার জন্য কিংবা তালি পাওয়ার জন্য কাজ করছি না। আমার সময় হয়েছে বিদায় নেওয়ার। কিন্তু যখন দেখি স্বাধীনতার ৫০ বছরে জাতির জনকের জন্মশত বার্ষিকীতে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙ্গে ফেলে দেবে বলা হয়, তখন মনে হয় কাজ শেষ হয় নাই। এখন বুঝি মাত্র শুরু আমাদের। আগে জীবনের মায়া ছিল এখন আর নাই। স্বাধীনতা ভূখণ্ড ও শেখ মুজিবুর রহমানের প্রশ্নে কোন আপোষ হবে না। বি কেয়ারফুল, কঠিন জবাব দেওয়া হবে। জনগণ এত কঠিন জবাব দেবে তা আপনারা কল্পনাও করতে পারবেন না।’

শামীম ওসমান বলেন, ‘দেশ ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো, দেশ খারাপ হয়ে গেলে আমরা কেউ ভালো থাকবো না। বাংলাদেশের ইতিহাসে এরচেয়ে ভয়াবহ খেলা আর কখনো হয় নাই।’

তিনি আরো বলেন, ‘গত ১৪ তারিখে একটি সুযোগ নেওয়া হয়েছিল সেটি কিন্তু এখনো থেমে যায়নি বরং শুরু হয়েছে। এই ষড়যন্ত্রে নারায়ণগঞ্জের অনেকে আছেন। মুজিব কোর্ট পড়তে পারেন, লেবাস ধরতে পারেন। এদেশে হাজার বছর পর একটা করে বঙ্গবন্ধু, সিরাজদ্দৌলা আসেন, কিন্তু প্রতি বছর প্রতি এলাকায় খন্দকার মোশতাক ও তার বংশধরের সৃষ্টি হয়। সরকার পরিবর্তনের খেলা নয়, ভৌগলিক কারণে এই রাষ্ট্রকে অকার্যকর রাষ্ট্র বানানোর চেষ্টা হচ্ছে, আফগানিস্তানের মত। এর বেশি আর কিছু বলবো না, আপনারা সতর্ক থাকবেন।’

নারায়ণগঞ্জ-৪ আসনের এই সংসদ সদস্য বলেন, ‘আমাদের মধ্যেই অনেকে আছেন যারা তাদেরকে পেট্রোনাইজ করেন, এদের একটি বিরাট বড় শক্তি নারায়ণগঞ্জে কাজ করে। এই নারায়ণগঞ্জ অসাম্প্রদায়িক নারায়ণগঞ্জ। এখানে আমরা কাউকে কোন সুযোগ দেব না।’

তিনি আরো বলেন, ‘মরেই তো যাবো মরতে হবে এটাই একমাত্র সত্যি। মরেই যেহেতু যাবো সম্পদের দিকে লোভ করা উচিত না। বিশেষ করে যে সম্পদ মসজিদ মন্দির কিংবা গির্জার সম্পত্তি। কোরআনে লেখা আছে ১টি জমিও যদি কেউ বেদখল করে রোজ কেয়ামতে আল্লাহ তার গলায় ওহুদ পাথর চাপিয়ে দেবেন। নারায়ণগঞ্জে এরকম আলোচনা হচ্ছে তবে আমি এ নিয়ে মন্তব্য করতে চাই না। সৃষ্টিকর্তার সম্পদের কোন মূল্য হয় না। এটা মহামূল্যবান। আর এ থেকে সকলের সরে আসা উচিত। ভুল মানুষেরই হয়। ভুল স্বীকার করলে মানুষের সম্মান বৃদ্ধি পায়, কমে না।’

ইত্তেফাক/জেডএইচ