ল্যাটিন আমেরিকায় গণহারে ভ্যাকসিন প্রয়োগ শুরু 

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২০, ১৩:৪৫

ল্যাটিন আমেরিকার দেশ মেক্সিকো, চিলি এবং  কোস্টারিকায় গণহারে করোনা ভাইরাসের ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়েছে। দেশগুলোতে ফাইজারের করোনার ভ্যাকসিন প্রয়োগ করা হচ্ছে বলে জানা গেছে। 

স্থানীয় সময় বৃহস্পতিবার ল্যাটিন আমেরিকার দেশগুলোর মধ্যে প্রথম করোনা ভ্যাকসিন পান মেস্কিকোর একজন নার্স। ফাইজারের ভ্যাকসিনের ৩ হাজার ডোজ ইতিমধ্যে মেক্সিকোতে পৌঁছানো হয়েছে বলে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে। এছাড়া মেস্কিকোর পর বৃহস্পতিবার চিলি এবং কোস্টারিকাতেও ফাইজারের ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়েছে।

জানা গেছে যে, আগামী কয়েকদিনের মধ্যে আর্জেন্টিনাতে রাশিয়ার করোনা ভ্যাকসিন স্পুটনিক-৫ প্রয়োগ করা শুরু হবে।  বৃহস্পতিবার  রাশিয়ার ভ্যাকসিনের ৩০ হাজার ডোজ আর্জেন্টিনায় পৌঁছেছে ।

এদিকে ল্যাটিন আমেরিকার দেশগুলোর মধ্যে ব্রাজিলে সর্বোচ্চ করোনায় মৃত্যু হলেও দেশটিতে ফেব্রুয়ারির আগে ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে না বলে জানা গেছে। দেশটির প্রেসিডেন্ট জাইর বলসোনারো জানিয়েছেন, তার ভ্যাকসিন নেওয়ার কোনো পরিকল্পনা নেই।