বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার হোগলাবুনিয়া ইউনিয়নে দুর্বৃত্তরা বসতঘর ভাঙচুর করায় তীব্র শীতে একটি পরিবার খোলা আকাশের নিচে বসবাস করছে। নিরাপত্তাহীনতায় ভুগছে পরিবারের লোকজন।
অভিযোগে জানা গেছে, অত্র ইউনিয়নের সানকিভাঙ্গা গ্রামের হিঙ্গুল উদ্দিনের পুত্র আব্দুল হালিমের মাথা গোঁজার ঠাই ছিলনা। তার আপন মামা আব্দুল হক হাওলাদার তাকে বসবাসের জন্য ৫ কাঠা জমি দান করেন। সেই জমিতে বসতঘর তৈরি করে পরিবার পরিজন নিয়ে আব্দুল হালিম দীর্ঘ ৩০/৩৫ বছর ধরে বসবাস করছে। কিন্তু এই জমির প্রতি লোলুপ দৃষ্টি পড়ে প্রতিবেশী কিছু দুর্বৃত্তদের। দীর্ঘদিন ধরে এ জায়গা জবরদখল করার পায়তারা করে আসছে। এর অংশ হিসেবে ঘটনার দিন ২২ ডিসেম্বর বিকালে প্রতিবেশী আজগর হোসেনের নেতৃত্বে কতিপয় দুর্বৃত্ত জমি দখলের উদ্দেশ্যে তার বাড়ি হামলা চালিয়ে বসতঘর ভাঙচুর করে। হামলায় আহত হয় আব্দুল হালিম, পিতা হিঙ্গুল উদ্দিন, স্ত্রী সানজিদা। তারা মোরেলগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
একদিকে ঘর ভাঙচুর করায় পরিবারটি এখন খোলা আকাশের নিচে বসবাস করছে। অপরদিকে ভুগছে নিরাপত্তাহীনতায়। পরিবারটি এখন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।
ইত্তেফাক/এমআর
