হুমায়ুন তালুকদার
উপায় তো নেই বসব দাওয়ায়
হিমকুয়াশা আসছে হাওয়ায়।
উত্তুরে বাও হুহু করে
তুলছে কাঁপন হাড়-পাঁজরে।
বললে তবু কয়েকটিবার
‘জমেনি তো শীতটা এবার।’
ঘরের ভিতর আছ বসে
খাচ্ছ চিতই ডুবিয়ে রসে।
চাপিয়েছ কাশ্মীরি শাল
শালের নিচে জাম্পারও লাল।
শীত কী করে ঢুকবে গায়ে!
তাকিয়ে দেখ ডাইনে-বাঁয়ে—
গরিব-দুখী বস্তিবাসী
হিমে কাতর, নেইকো হাসি।
তীব্র শীতে হচ্ছে নাকাল
কারো ঘরে চলছে আকাল।
শীতটা যদি আরো বাড়ে
জাঁকিয়ে বসে ঘর-খামারে—
বাঁচবে কি ঐ গরিবগুলো
নেইকো যাদের চাল ও চুলো।
