বিবিসি
করোনা ভাইরাস মহামারিতে লাখ লাখ মানুষের মৃত্যু দেখা লাতিন আমেরিকার তিনটি দেশে কোভিড-১৯-এর টিকা দেওয়া শুরু হয়েছে। গত বৃহস্পতিবার থেকে মেক্সিকো, চিলি ও কোস্টারিকায় এই টিকাদান কর্মসূচি শুরু হয়।
মেক্সিকোতে এই কর্মসূচি শুরু হয়েছে একটি হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রের প্রধান নার্সকে ফাইজার-বায়োএনটেকের টিকার প্রথম ডোজ দিয়ে। দেশটি ফাইজারের টিকার যে ৩ কোটি ৪০ লাখ ডোজ কিনেছে, তার মধ্যে প্রথম চালানে গত বুধবার বেলজিয়াম থেকে এসেছে মাত্র ৩ হাজার ডোজ। বেলজিয়ামেই টিকাগুলো বানানো হয়েছে। মেক্সিকোর কিছু সময় পরেই চিলি ও কোস্টারিকায়ও ফাইজারের টিকা দেওয়া শুরু হয়। ঐ অঞ্চলের আরেক দেশ আর্জেন্টিনাও আগামী কয়েক দিনের মধ্যেই টিকাদান কর্মসূচি শুরুর চিন্তা করছে; তারা বেছে নিয়েছে রাশিয়ার বানানো টিকা স্পুটনিককে। বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে ঐ টিকার ৩ লাখ ডোজ আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আয়ারসে পৌঁছেছে। লাতিনে কোভিড-১৯-এ সবচেয়ে বেশি মৃত্যু দেখা ব্রাজিলে মধ্য ফেব্রুয়ারির আগে টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে না। দেশটিতে সাম্প্রতিক দিনগুলোতে সংক্রমণের ফের ঊর্ধ্বগতিও দেখা যাচ্ছে। দেশটির কট্টর ডানপন্থি প্রেসিডেন্ট জাইর বোলসোনারো বলেছেন, তিনি টিকা না নেওয়ার পরিকল্পনা করছেন।
