সাটুরিয়ায় বিদ্যুত্ ব্যবহারে ব্যাপক কারসাজি

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২০, ২১:৪৬

অভিযুক্ত ব্যক্তিকে সাড়ে ৬ লাখ টাকা জরিমানা

সাটুরিয়া (মানিকগঞ্জ) সংবাদদাতা

দৈনিক ইত্তেফাকে গত ৮ ডিসেম্বর ‘বিদ্যুতের তার টেম্পারিং করে অর্ধকোটি টাকার বিল ফাঁকি, সাটুরিয়ায় দায়ী ব্যক্তির শাস্তির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ’ শিরোনামে সংবাদ প্রকাশের পর বিদ্যুত্ উন্নয়ন বোডের্র টনক নড়েছে। এ ঘটনায় মানিকগঞ্জ পল্লী বিদ্যুত্ সমিতির এজিএম মো. তাজুল ইসলামকে আহ্বায়ক করে দুই সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। অন্য সদস্য হলো মানিকগঞ্জ পল্লী বিদ্যুত্ সমিতির এজিএম (অর্থ) মো. ইমরান হোসেন।

অপরদিকে তদন্তকারীদের সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেওয়া হয়। তদন্তকারীরা ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিকভাবে সত্যতা পেয়ে রিপোর্ট সাত কার্যদিবসের মধ্যে দাখিল করেছেন। রিপোর্ট পেয়ে বিদ্যুত্ উন্নয়ন বোর্ড অভিযুক্ত ব্যক্তি বহিষ্কৃৃত আওয়ামী লীগ নেতা মো. আব্দুস সোবহানকে পবিস নির্দেশিকা ৩০০-৩০ (সংশোধিত) ও বিদ্যুত্ আইনে ২০১৮ অনুযায়ী অবৈধভাবে বিদ্যুত্ ব্যবহার করায় ক্ষতিগ্রস্ত বিদ্যুত্ বিল ও জরিমানা বাবদ ৬ লাখ ৪৯ হাজার ৯২৫ টাকা জরিমানা করা হয়েছে। আগামী ২৭ ডিসেম্বরের মধ্যে সমুদয় টাকা পরিশোধ করার নির্দেশ দেওয়া হয়েছে। সমুদয় জরিমানার টাকা পরিশোধ করিতে ব্যর্থ হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন সাটুরিয়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. ওবাইদুল্লাহ আল মাসুদ।