নকল মবিল তৈরি গ্রেফতার ৪

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২০, ২১:৪৬

বিশেষ প্রতিনিধি

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে নামিদামি ব্র্যান্ডের নামে নকল মবিল তৈরি করে বাজারজাতের সময় হাতেনাতে চার প্রতারককে গ্রেফতার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ সময় তাদের কাছ থেকে ৬ ব্যারেল (১ হাজার ৩০০ লিটার) নকল মবিল ও নকল মবিল তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৭ লাখ টাকা। বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার (ঢাকা মেট্রো-পূর্ব) কানিজ ফাতেমা। গ্রেফতারকৃতরা হলেন—শহিদুল ইসলাম, সুমন মিয়া, বাবুল মোল্লা ও সাইদুল ইসলাম। সিআইডির এ কর্মকর্তা বলেন, বৃহস্পতিবার সিআইডির সহকারী পুলিশ সুপার রাকিবা ইয়াসমিনের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে যাত্রাবাড়ী থেকে তাদের গ্রেফতার করা হয়। সিআইডির বিশেষ পুলিশ সুপার কানিজ ফাতেমা আরো বলেন, গ্রেফতারকৃতরা বাজারের বিভিন্ন নামিদামী ব্র্যান্ডের নামে নকল মবিল তৈরি করার কথা স্বীকার করেছেন। তিনি বলেন, জড়িত আসামিসহ অজ্ঞাতনামা আরো তিন-চার জনের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। এছাড়া সহযোগী পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলেও জানান সিআইডির এই কর্মকর্তা।