‘মা’ উপন্যাসের শততম মুদ্রণ

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২০, ২১:৪৬

ইত্তেফাক রিপোর্ট

মহান মুক্তিযুদ্ধ নানা মাত্রায় উদ্ভাসিত। শুধু যুদ্ধের ময়দান নয়, মুক্তিযুদ্ধ জড়িয়ে রয়েছে দেশের আনাচকানাচে মানুষের জীবনে। কথাসাহিত্যিক আনিসুল হকের উপন্যাস ‘মা’তে পরিচয় ঘটে মুক্তিযোদ্ধা আজাদের মায়ের সঙ্গে। যিনি মুক্তিযুদ্ধকে ভিন্নমাত্রা নিয়ে উপস্থিত হন। সত্যি ঘটনাকে নিয়ে কথাসাহিত্যিক আনিসুল হকের ‘মা’ উপন্যাসটির শততম মুদ্রণ হয়েছে। এই শততম মুদ্রণ উপলক্ষ্যে গতকাল প্রকাশনা উত্সব অনুষ্ঠিত হয়েছে। অনলাইনে অনুষ্ঠিত এই প্রকাশনা উত্সবে বইটির নানা দিক নিয়ে আলোচনা করেন খ্যাতিমান লেখক-গবেষকরা। বাংলামোটরে বাতিঘর থেকে সরাসরি এই প্রকাশনা উত্সব অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন বইটির প্রকাশনা সংস্থা সময় প্রকাশনের প্রকাশক ফরিদ আহমেদ। বইটি নিয়ে কথা বলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ, কথাসাহিত্যিক ড. মুহম্মদ জাফর ইকবাল ও বাংলা একাডেমির সভাপতি ও গবেষক শামসুজ্জামান খান। অনুভূতি ব্যক্ত করেন লেখক আনিসুল হক। নাসির উদ্দীন ইউসুফ বলেন, বইটিতে সামগ্রিকভাবে মুক্তিযুদ্ধকে তুলে ধরেছেন আনিসুল হক। শামসুজ্জামান খান বলেন, বইটিতে আনিসুল হক বাঙালি মায়ের যে রূপান্তর দেখিয়েছেন তা অনন্য।