রাজধানীতে ৭৫ কোটি টাকা মূল্যের কোবরা সাপের বিষসহ আন্তর্জাতিক চোরাচালান চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বৃহস্পতিবার বিকালে রাজধানীর দক্ষিণখান থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো—মাসুদ রানা, ছফির উদ্দিন শানু, তমজিদুল ইসলাম ওরফে মনির, আলমগীর হোসেন, ফিরোজা বেগম এবং আসমা বেগম।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-২-এর সহকারী পরিচালক (মিডিয়া) এসপি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন তথ্যের ভিত্তিতে ৮ কেজি ৯৬ গ্রাম (জারসহ) সাপের বিষসহ ছয় জনকে গ্রেফতার করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৭৫ কোটি টাকা। এছাড়াও তাদের সঙ্গে থাকা সাপের বিষ সংক্রান্ত সিডি, বিষের ম্যানুয়াল বই ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।
র্যাবের এ কর্মকর্তা আরো জানান, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ আন্তর্জাতিক সাপের বিষ চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ অনেক তথ্য পাওয়া গেছে, যা যাচাই-বাছাই করা হচ্ছে।
