বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন দেশের বিশিষ্ট শিল্পপতি, পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এম এ হাসেম। গতকাল শুক্রবার বাদ জুমা রাজধানীর গুলশানে আজাদ মসজিদে নামাজে জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হয়। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় বুধবার দিবাগত রাতে তিনি ইন্তেকাল করেন।
আজাদ মসজিদে জুমার নামাজের পর এম এ হাসেমের বড় ছেলে আজিজ আল কায়সার বাবার আত্মার মাগফিরাতের জন্য সবার কাছে দোয়া চান। এ সময় তিনি তার বাবার হয়ে সবার কাছে ক্ষমা চান। কারো কোনো দেনাপাওনা থাকলে তার সঙ্গে যোগাযোগের অনুরোধ করেন। এরপর জানাজা হয়। জানাজায় কিছু লোক অংশ নিতে না পারায় পরে বেলা সোয়া ২টায় দ্বিতীয় দফা জানাজা অনুষ্ঠিত হয়। এরপর ফুল দিয়ে সজ্জিত একটি অ্যাম্বুলেন্সে করে মরহুম হাসেমের মরদেহ নিয়ে যাওয়া হয় বনানী কবরস্থানে।
গত ১১ ডিসেম্বর কোভিড-১৯ সংক্রমণ শনাক্ত হওয়ার পর এম এ হাসেমকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শারীরিক অবস্থার অবনতি হলে ১৬ ডিসেম্বর থেকে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। তার ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে। এছাড়া বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। মরহুম এম এ হাসেম ২০০১ সালের জাতীয় নির্বাচনে নোয়াখালীর বেগমগঞ্জ থেকে বিএনপির প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
