আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংগঠনিক শৃঙ্খলার প্রতি অত্যন্ত কঠোর। ইতিমধ্যে যারা দলের সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহ করেছেন তারা জয়ী হলেও তাদের কোনোভাবেই মনোনয়ন দেওয়া হচ্ছে না। শেখ হাসিনার নেতৃত্বে দলের স্থানীয় সরকার নির্বাচনে মনোনয়ন বোর্ড যে সিদ্ধান্ত গ্রহণ করবে তা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
গতকাল শুক্রবার সকালে তার সরকারি বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক দলীয় নেতাকর্মীদের সতর্ক করে দিয়ে বলেন, দলীয় সভানেত্রীর নির্দেশনা প্রতিপালনে সবাইকে ঐকবদ্ধ হয়ে কাজ করতে হবে। যেসব নেতা বা জনপ্রতিনিধি দলের সিদ্ধান্ত বাস্তবায়নে বাধা হয়ে দাঁড়াবেন, তাদের বিষয়ে বিশেষ নজর রাখা হচ্ছে। তিনি জনপ্রতিনিধিসহ সর্বস্তরের নেতাকর্মীদের শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন, প্রতিটি দুর্যোগ ও দুর্বিপাকে অসহায় মানুষের পাশে থাকা আওয়ামী লীগের ঐতিহ্য।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নানা প্রতিকূলতার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে দেশের গণতন্ত্র। গণতন্ত্র একদিনে মহিরুহে রূপান্তরিত হয় না, পার করতে হয় অনেক পথ। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে শেখ হাসিনার নেতৃত্বে যে যাত্রা চলমান, তাতে সবার সহযোগিতা প্রয়োজন বলে জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। দলমত নির্বিশেষে সব অংশীজনদের গণতান্ত্রিক মূল্যবোধের সুরক্ষা এবং একে এগিয়ে নিতে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের পাশাপাশি বিরোধী দলেরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান মন্ত্রী।
গণতন্ত্রের বিজয় দিবস ৩০ ডিসেম্বর
আগামী ৩০ ডিসেম্বর গণতন্ত্রের বিজয় দিবস পালন করবে আওয়ামী লীগ। ওবায়দুল কাদের বলেন, করোনা মহামারির কারণে পরিবর্তিত পরিস্থিতিতে আওয়ামী লীগ স্বাস্থ্যবিধি মেনে গণতন্ত্রের বিজয় দিবস পালন করবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খ্রিষ্টান সম্প্রদায়কে ধর্মীয় উত্সব বড়দিনের শুভেচ্ছা জানান।
