দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত এক দিনে আরো ২০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১০ জনের বয়স ৬০ বছরের বেশি, পাঁচ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, চার জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে এবং ১এক জনের বয়স ১১ থেকে ২০ বছরের মধ্যে ছিল। গতকাল শুক্রবার বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে কোভিড-১৯ পরিস্থিতির এই সবশেষ তথ্য জানানো হয়।
গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় শনাক্ত ১ হাজার ১৬৩ জনকে নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ৭ হাজার ২৬৫ জন হয়েছে। আর গত এক দিনে মারা যাওয়া ২০ জনকে নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট মৃতের সংখ্যা ৭ হাজার ৩৯৮ জনে দাঁড়িয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিত্সাধীন আরো ২ হাজার ১১৩ জন রোগী সুস্থ হয়ে উঠেছে গত এক দিনে। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৪৮ হাজার ৮০৩ জন হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১১৪টি আরটি-পিসিআর ল্যাব, ২০টি জিন-এক্সপার্ট ল্যাব ও ২৯টি র্যাপিড অ্যান্টিজেন ল্যাবে, অর্থাত্ মোট ১৬৩টি ল্যাবে ১৩ হাজার ৬৯৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৩১ লাখ ৪৯ হাজার ৩৪৮টি নমুনা। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৮ দশমিক ৪৯ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৬ দশমিক ১১ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৮ দশমিক ৪৭ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ। সরকারি ব্যবস্থাপনায় এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ২৫ লাখ ২ হাজার ৩৬৬টি। আর বেসরকারি ব্যবস্থাপনায় হয়েছে ৬ লাখ ৪৬ হাজার ৯৮২টি।
এক দিনে ২০ মৃতের মধ্যে ১৪ জন পুরুষ আর নারী ছয় জন। তাদের ১৯ জন হাসপাতালে এবং এক জন বাড়িতে মারা গেছে। মৃতদের মধ্যে ১২ জন ঢাকা বিভাগের, তিন জন চট্টগ্রাম বিভাগের, দুই জন খুলনা বিভাগের, দুই জন রংপুর বিভাগের এবং এক জন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা। দেশে এ পর্যন্ত মারা যাওয়া ৭ হাজার ৩৭৮ জনের মধ্যে ৫ হাজার ৬৩৬ জন পুরুষ এবং ১ হাজার ৭৬২ জন জন নারী। তাদের মধ্যে ৪ হাজার ২২ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি। এছাড়া ১ হাজার ৮৮২ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, ৮৭২ জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে, ৩৭২ জনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে, ১৫৯ জনের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে, ৫৭ জনের বয়স ১১ থেকে ২০ বছরের মধ্যে এবং ৩৪ জনের বয়স ছিল ১০ বছরের কম। এর মধ্যে ৪ হাজার ৪৪ জন ঢাকা বিভাগের, ১ হাজার ৩৭৯ জন চট্টগ্রাম বিভাগের, ৪৩১ জন রাজশাহী বিভাগের, ৫২২ জন খুলনা বিভাগের, ২৩৬ জন বরিশাল বিভাগের, ২৯০ জন সিলেট বিভাগের, ৩৩৩ জন রংপুর বিভাগের এবং ১৬৩ জন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা।
