সিনেটের সংখ্যাগরিষ্ঠতা নির্ধারণী নির্বাচনে আগাম ভোট পড়েছে ২১ লাখ

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২০, ২২:৩০

মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের সংখ্যাগরিষ্ঠতা নির্ধারিত হবে জর্জিয়া অঙ্গরাজ্যের নির্বাচনে। আগামী ৫ জানুয়ারি এই নির্বাচন হবে। এর আগে ২১ লাখ আগাম ভোট পড়েছে। গত বৃহস্পতিবার সরকারিভাবে এ তথ্য জানানো হয়েছে। এই নির্বাচনের মাধ্যমে সিনেটে ডেমোক্র্যাটরা সংখ্যাগরিষ্ঠতা পেলে কংগ্রেসের দুই কক্ষেই তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হবে। সেক্ষেত্রে নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে যে কোনো বিল পাশে বা নিয়োগে বড় বাধার মুখে পড়তে হবে না। আর যদি সিনেটে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা বজায় থাকে, সেক্ষেত্রে প্রশাসন চালাতে গিয়ে বাইডেনকে অনেক ক্ষেত্রেই বাধার মুখে পড়তে হতে পারে।

রয়টার্সের খবরে বলা হয়েছে, জর্জিয়ার নিবন্ধিত ভোটারদের মধ্যে এক-চতুর্থাংশ ইতিমধ্যে হয় ডাকডোগে, না হয় সশরীরে ভোট দিয়েছেন। গত ৩ নভেম্বরের নির্বাচনে জর্জিয়ার প্রায় ৪০ লাখ ভোটার আগাম ভোট দিয়েছিলেন। নির্বাচনে জর্জিয়া অঙ্গরাজ্যে জো বাইডেন অল্প ব্যবধানে জয়ী হয়েছেন।

সিনেটের দুটি আসনে ডেমোক্র্যাট প্রার্থী হলেন রাফায়েল ওয়ারনক ও জন ওসফ। আর রিপাবলিকান প্রার্থী হলেন বর্তমান সিনেটর কেলি লোফ্লের ও ডেভিড পারডু। ৩ নভেম্বরের নির্বাচনে কোনো প্রার্থী ৫০ শতাংশের বেশি ভোট না পাওয়ায় আবারও এই নির্বাচন জরুরি হয়ে পড়ে।

এই নির্বাচনে একটিতে জিতলেই সিনেটে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখবে রিপাবলিকান পার্টি। আর যদি ডেমোক্র্যাটরা দুটিতেই জিততে পারে, তবে সিনেটে দুই দলেরই ৫০-৫০ আসন হবে। সেক্ষেত্রে যেকোনো সিদ্ধান্তের ‘টাইব্রেকার’ হবেন নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।

খবরে বলা হয়েছে, আটলান্টার জনবহুল এলাকাগুলোতে ভোট বেশি পড়ছে, যেসব এলাকার ভোটে জয়ী হয়েছেন জো বাইডেন। তাই নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা প্রবল।