হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারীর সঙ্গে কথা কাটাকাটির জের ধরে গতকাল শুক্রবার সকালে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্টার্ন ডাক্তাররা অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয়। তবে প্রায় সাড়ে ১১ ঘণ্টা পর সন্ধ্যায় ধর্মঘট প্রত্যাহার করে নেন ইন্টার্ন ডাক্তাররা। এ তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালের অধ্যক্ষ ডা. নুরুন নব্বী লাইজু। ইন্টার্ন ডাক্তারদের ধর্মঘট চলাকালে হাসপাতালে রোগীরা ভোগান্তিতে পড়েন।
ইন্টার্ন ডাক্তারদের সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে এক রোগীর ছাড়পত্র দেওয়াকে কেন্দ্র করে হাসপাতালের কার্ডিওলজি বিভাগের চতুর্থ শ্রেণির কর্মচারী শহিদুল ইসলাম একজন ইন্টার্ন ডাক্তারের সঙ্গে দুর্ব্যবহার করে। এর প্রতিবাদে কার্ডিওলজি বিভাগের বিক্ষুব্ধ ইন্টার্ন ডাক্তাররা শুক্রবার সকাল থেকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেন। পরে ধর্মঘটে হাসপাতালের অন্য বিভাগের ইন্টার্ন ডাক্তাররাও যোগ দেন। ফলে রমেক হাসপাতালে চিকিত্সা নিতে আসা রোগীদের ভোগান্তি পোহাতে হয়।
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. নুরুন নব্বী লাইজু জানান, সৃষ্ট বিষয় নিয়ে আলোচনায় বসে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদানের পর ইন্টার্ন চিকিত্সক পরিষদ হাসপাতালে ইন্টার্ন ডাক্তারদের ধর্মঘট প্রত্যাহার করে নেয়।
