বরিশালে ব্যারেলে নারীর লাশ

হত্যাকারীকে গ্রেফতার করেছে পিবিআই, টাকা ফেরত না দেওয়ায় খুন!

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২০, ২২:৩০

বরিশালে মাসখানেক আগে এক নারীকে হত্যার পর লাশ ব্যারেলে ভরে গুম করার চেষ্টা করেছিল যে ব্যক্তি, তাকে গ্রেফতার করেছে পিবিআই। তথ্যপ্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে বিমানবন্দর থানার হিজলতলা এলাকা থেকে আবদুল খালেক হাওলাদার নামে ঐ ব্যক্তিকে গ্রেফতার করা হয়। গৌরনদী উপজেলার বাসিন্দা আবদুল খালেক বরিশাল নগরীর কাশিপুরে নির্মাণাধীন একটি ভবনের কেয়ারটেকার। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে নগরীর রূপাতলীতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কার্যালয়ে পুলিশ সুপার হুমায়ুন কবির এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। তিনি বলেন, গ্রেফতারকৃত খালেক পুলিশের কাছে বলেছে, বিদেশ পাঠানোর নামে নেওয়া প্রায় ৬ লাখ টাকা ফেরত না দেওয়ায় সে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।

সংবাদ সম্মেলনে বলা হয়, গত ২০ নভেম্বর রাত ৮টার দিকে গৌরনদীর ভূরঘাটা বাসস্ট্যান্ডে একটি বাসে থাকা মালিকবিহীন একটি ব্যারেল থেকে বোরখা পরিহিত অজ্ঞাত পরিচয় এক নারীর লাশ উদ্ধার করে পুলিশ। তাত্ক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া না গেলেও পরে জানা গেছে, নিহত নারী গৌরনদী উপজেলা সদরের বাসিন্দা কাতারপ্রবাসী মো. সহিদুল ইসলামের স্ত্রী সাবিনা বেগম। পিবিআই জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি খালেক বলেছে, বিদেশ নেওয়ার কথা বলে তার কাছ থেকে ৬ লাখ টাকা নিয়েছিল সাবিনা। পরে বিদেশ না পাঠানোয় টাকা ফেরত চান তিনি। কিন্তু টাকা ফেরত না দেওয়ায় ক্ষুব্ধ হয়ে গত ২০ নভেম্বর সে সাবিনাকে মোবাইল ফোনের মাধ্যমে কাশিপুরে ডেকে আনে। টাকা ফেরত দেওয়া নিয়ে বাদানুবাদের একপর্যায়ে রড দিয়ে সাবিনার মাথায় আঘাত করে এই হত্যাকাণ্ড ঘটায় সে। এ ঘটনায় গৌরনদী থানায় মামলা করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে ঐ  মামলায় গ্রেফতার দেখিয়ে গতকাল শুক্রবার তাকে গৌরনদী থানায় সোপর্দ করার কথা জানান পুলিশ সুপার মো. হুমায়ুন কবির।