বদলগাছী (নওগাঁ) সংবাদদাতা
বদলগাছী হয়ে আক্কেলপুর-জয়পুরহাট সড়কের বিষ্ণুপুর নামক স্থানের বেইলি ব্রিজটি ঝুঁকিপূর্ণ। সরেজমিনে দেখা যায়, ব্রিজের মধ্যখানের পাটাতনের জয়েন্টের নাট-বোল্ড খুলে নিচে দেবে রয়েছে। এই ব্রিজ দিয়েই ঝুঁকি নিয়ে প্রতিদিন যাত্রীবাহী সিএনজি, মালবাহী বড় ট্রাক, ভ্যান, রিকশাসহ শতশত যানবাহন চলাচল করছে। এছাড়া উপজেলার বড় গরুর হাট কোলায় যাতায়াতেও ব্রিজ ব্যবহার করা হয়। ব্রিজটি সংস্কার না করা হলে যে কোনো মুহূর্তেই বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন চালকসহ স্থানীয়রা। এ ব্যাপারে নওগাঁ জেলা সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী মো. সাজেদুর রহমান বলেন, জরুরি ভিত্তিতে ব্রিজটি মেরামতের ব্যবস্থা করা হবে।
