চলছে শেষ মুহূর্তের প্রচার-প্রচারণা

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২০, ২২:৪২

মদন ও বাকেরগঞ্জ পৌরসভা নির্বাচন

ইত্তেফাক ডেস্ক

আগামী ২৮ ডিসেম্বর নেত্রকোনার মদন ও বরিশালের বাকেরগঞ্জ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে এখন চলছে শেষ মুহূর্তের প্রচার-প্রচারণা। প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।

নেত্রকোনা :নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসম্পাদক সাইফুল ইসলাম সাইফ, বিএনপি মনোনীত প্রার্থী জেলা যুবদল সদস্য মো. এনামুল হক, জাতীয় পার্টির প্রার্থী ক্ষুদিরাম চন্দ্র দাস, স্বতন্ত্র প্রার্থী সাবেক পৌর মেয়র এবং পৌর বিএনপির সাবেক সভাপতি দেওয়ান মোদাচ্ছের হোসেন শফিক, স্বতন্ত্র প্রার্থী বিগত নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়নে পরাজিত মেয়র প্রার্থী ও সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাশরিকুর রহমান বাচ্চু ও মদন উপজেলা সম্মিলিত ওলামা পরিষদের সাধারণ সম্পাদক হাফেজ আব্দুর রউফ। মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহামেদ বলেন, মদনে এবার ইভিএম পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

বাকেরগঞ্জ (বরিশাল) :নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন ডাকুয়া (নৌকা), বিএনপির এস এম মনিরুজ্জামান (ধানের শীষ) ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মাওলানা খলিলুর রহমান (হাতপাখা)। বাকেরগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার সাইদুর রহমান জানান, ৪, ৫ ও ৮ নম্বর ওয়ার্ড কিছুটা ঝুঁকিপূর্ণ।