বক্সিং ডে টেস্ট মাইলফলকের ম্যাচে চাপে ভারত

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২০, ২২:৪৫

স্পোর্টস ডেস্ক

অ্যাডিলেডে দুঃস্বপ্নের ‘৩৬’ এখনো তাড়িয়ে বেড়াবে এটাই স্বাভাবিক। সেটা কাটিয়ে উঠতে আজ মেলবোর্নে শুরু হওয়া বক্সিং ডে টেস্টে অসাধারণ কিছুই করতে হবে। ভারতীয় ক্রিকেট দলকে এমন চ্যালেঞ্জই দিয়ে রাখলেন কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার।

বিরাট কোহলির অবর্তমানে আগেও অধিনায়কত্ব করেছেন আজিঙ্কা রাহানে। এই অস্ট্রেলিয়ার বিপক্ষেই তার নেতৃত্ব অধ্যায় শুরু হয়েছিল। কিন্তু সেবার ততটা চ্যালেঞ্জ ছিল না, যতটা এবার বিদ্যমান। দেখাতে হবে, কোহলি ছাড়াও দেশের বাইরে ভালো খেলে তার দল, কাটাতে হবে সর্বনিম্ন রানে আউট হওয়ার লজ্জা, করতে হবে অসাধারণ কিছু,  ব্যাট হাতে অবদান রাখতে হবে নিজেকেও, বাঁচাতে হবে সিরিজ। এত সব সামলাতে পারবেন তো রাহানে?

টোটকা অবশ্য বলে দিয়েছেন টেন্ডুলকার, ‘কৌশল খুব সোজা। অনেক রান করতে হবে, প্রতিপক্ষকে বেশি রান করতে দেওয়া যাবে না। পরের তিন টেস্টেই দৃঢ়প্রতিজ্ঞ থাকতে হবে। দৃঢ়তা, শৃঙ্খলা ও পরিকল্পনার সমন্বয় থাকতে হবে পারফরম্যান্সে। ভালো পরিকল্পনা নিয়ে মাঠে নামতে হবে এবং পরিকল্পনা সঠিকভাবে বাস্তবায়ন করতে হবে।’

বক্সিং ডে টেস্ট দিয়ে আজ নিজেদের মধ্যকার শততম টেস্ট খেলবে দুই দল। এর আগে ৯৯ ম্যাচের ৪৩টিতে অস্ট্রেলিয়া এবং ২৮টিতে জিতেছে ভারত, একটি টাই। মাইলফলকের ম্যাচে নির্ভার অস্ট্রেলিয়াকে প্রবল চাপে থাকা ভারত কতটা চ্যালেঞ্জ জানাতে পারে, তা দেখতেই মুখিয়ে থাকবে ক্রিকেটপ্রেমীরা।

ভারতীয় একাদশে পরিবর্তনের ছোঁয়া আসবে, সেটা অ্যাডিলেড টেস্ট হারের পরই অনুমিত ছিল। আজ অভিষেক হতে যাচ্ছে ব্যাটসম্যান শুভমান গিল ও পেসার মোহাম্মদ সিরাজের। তাছাড়া একাদশে ঢুকেছেন রিশাভ পান্ট ও রবিন্দ্র জাদেজা।

অন্যদিকে চার ম্যাচ সিরিজে ১-০-তে এগিয়ে  অজিরা মাঠে নামছে অপরিবর্তিত একাদশ নিয়েই। ৮ উইকেটের জয় যে কাউকেই আনন্দে ভাসাবে। অজিদের ক্ষেত্রেও ব্যতিক্রম নয়। তবে দলটা ভারত বলেই সতর্কতায় কোনো কমতি রাখছেন না অধিনায়ক টিম পেইন। কেননা, গত অ্যাশেজের পর টানা অপরাজিত (৬) থাকার ধারাটি অব্যাহত রাখতে চান তিনি, ‘যখনই মনে হবে সব ঠিক চলছে, তখনই কিন্তু বিপদ ঘটে। ইংল্যান্ডে পঞ্চম টেস্টে যেমন হয়েছিল। তার পর থেকেই আমরা অনেক বেশি সতর্ক। তাদে এক ইঞ্চি ছাড় দিলেও সেটার পুরো ফায়দা লুটবে। অ্যাডিলেডে আমরা যেভাবে জিতেছি, দ্বিতীয় টেস্টেও সেই চেষ্টা করতে হবে।’