ম্যানেজার টমাস টুখেলের আকস্মিক চাকরিচ্যুত হওয়ার ঘটনায় বিস্মিত হয়েছেন পিএসজি তারকা কিলিয়ান এমবাপেও। সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় সদ্য প্রাক্তন এই কোচকে বিদায়ি ধন্যবাদ জানালেন এই ফরাসি স্ট্রাইকার। টুখেলের অধীনে গত মৌসুমে সব ধরনের ঘরোয়া শিরোপা জেতা এবং প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ ফাইনাল খেলা এমবাপে ইনস্টাগ্রামে টুখেলের বরখাস্ত হওয়াকে ইঙ্গিত করে লেখেন, ‘দুঃখজনকভাবে এটাই ফুটবলের নিয়ম। তবে এখানে (পিএসজিতে) আপনার সময়কালকে কেউ ভুলে যাবে না। ক্লাবের ইতিহাসের একটি অসাধারণ অধ্যায় লিখে গেছেন আপনি। আমি আপনাকে শুধু বলতে চাই, ধন্যবাদ কোচ।’ ক্লাবে নিজের দায়িত্ব নিয়ে সাংবাদিকদের দেওয়া এক বিতর্কিত মন্তব্যের জেরে টমাস টুখেলকে গত বুধবার বরখাস্ত করে পিএসজি। দ্রুতই তার স্থলাভিসিক্ত হতে পারেন আর্জেন্টাইন কোচ মউরিসিও পচেত্তিনো।
