আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে শ্রীলঙ্কা

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২০, ২২:৪৭

স্পোর্টস ডেস্ক

করোনাকালে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার প্রক্রিয়াটা অনেক আগেই শুরু করেছিল শ্রীলঙ্কা। মে-জুনেই ক্রিকেটারদের অনুশীলনের ব্যবস্থা করেছিল দেশটি। কিন্তু অভ্যন্তরীণ জটিলতায় দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট খেলা হয়নি তাদের।

অবশেষে অপেক্ষা ফুরাচ্ছে, করোনার ধাক্কা উতরে আজ আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে শ্রীলঙ্কা। সেঞ্চুরিয়নে সিরিজের প্রথম টেস্টে আজ দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে দিমুথ করুনারত্নের দল। দুই দলের সর্বশেষ সাক্ষাতে প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজ জয়ের সুখস্মৃতি রয়েছে শ্রীলঙ্কার। কুশল পেরেরার ব্যাটিং বীরত্বে দুই বছর আগে প্রোটিয়াদের মাঠে প্রথম এশিয়ান দল হিসেবে টেস্ট সিরিজ জিতে ফিরেছিল লঙ্কানরা। একই দিনে আজ মাউন্ট মঙ্গানুইয়ে সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানকে আতিথ্য দিবে নিউজিল্যান্ড। ঘরের মাঠে সবশেষ টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে যেভাবে বিধ্বস্ত করেছে কিউইরা, তাতে পাকিস্তানের সামনে চ্যালেঞ্জটা অনেক বড়। তার ওপর দলটাও চোট জর্জর। টি-টোয়েন্টি সিরিজে নিয়মিত অধিনায়ক বাবর আজমের অনুপস্থিতি বেশ ভুগিয়েছে সফরকারীদের। তার অভাব যে প্রথম টেস্টেও বোধ করবে তারা সেটা জানিয়ে রাখলেন মোহাম্মদ রিজওয়ান।

পাকিস্তানকে প্রথম বারের মতো নেতৃত্ব দিতে যাওয়া এই উইকেটকিপার-ব্যাটসম্যান বলেন, ‘বাবর টপ ক্লাস ক্রিকেটার। তিন ফরম্যাটেই সে আমাদের সেরা ব্যাটসম্যান। দল অবশ্যই তাকে মিস করবে। তার পরও আমাদের ব্যাটিং লাইন আপ খুব শক্তিশালী। তাছাড়া দুর্দান্ত বোলারও আছে। নিউজিল্যান্ডকে চ্যালেঞ্জ জানাতে নিজেদের সেরাটা দেওয়ারই চেষ্টা করব।’ রিজওয়ানের মতো লাল বলের নেতৃত্বে অভিষেক হচ্ছে কুইন্টন ডি ককেরও। তিন ফরম্যাটের অধিনায়কত্ব পাওয়া ডি কক টেস্টেও দেশকে অনেক কিছু দিতে পারবেন বলে আশা কোচ মার্ক বাউচারের।