বোলিং শুরু করেছেন রাহী

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২০, ২২:৪৭

স্পোর্টস রিপোর্টার

ইনজুরি কাটিয়ে বোলিংয়ে ফিরেছেন আবু জায়েদ রাহী। বঙ্গবন্ধু টি-২০ কাপে বাঁ পায়ের পেশিতে টান পড়েছিল তার। ১৫ দিন বিশ্রামে দেওয়া হয়েছিল তাকে। গতকাল সকালে বিসিবি একাডেমি মাঠে বোলিং করেছেন ডানহাতি এই পেসার। শুরুতে শর্ট রানআপে বোলিং করেন তিনি। পরে রানআপ বাড়িয়েছেন। বাংলাদেশের টেস্ট দলের মূল পেসার হলেও গতকাল সাদা বলেই বোলিং শুরু করেছেন রাহী।

তবে ধীরে ধীরে লাল বলে অনুশীলন শুরু করবেন তিনি। কারণ আগামী ফেব্রুয়ারি মাসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ দল। সেখানে পেসার হিসেবে তার বোলিংয়ের দিকেই তাকিয়ে থাকবে মুমিনুল হকের দল।

গত ৮ ডিসেম্বর মিনিস্টার গ্রুপ রাজশাহীর বিরুদ্ধে ফরচুন বরিশালের হয়ে নিজের তৃতীয় ওভারের দ্বিতীয় বলটি করতে গিয়ে ইনজুরিতে পড়েন রাহী। পেশিতে টান পড়ার পর স্ট্রেচারে করে মাঠ ছেড়েছেন, ম্যাচে আর বোলিংই করতে পারেননি তিনি। এই চোটে টুর্নামেন্ট থেকেই ছিটকে পড়েছিলেন ২৭ বছর বয়সি এই পেসার। বঙ্গবন্ধু টি-২০ কাপে বরিশালের জার্সিতে ৫ ম্যাচে তিন উইকেট পেয়েছিলেন সিলেটের ছেলে রাহী।