১০০ বলে চ্যাম্পিয়ন রাইডার্স

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২০, ২২:৪৭

ফারুক আহমেদ, ময়মনসিংহ

ওয়ালটন এমপিএলে (ময়মনসিংহ প্রিমিয়ার লিগ) চ্যাম্পিয়ন হয়েছে ময়মনসিংহ রাইডার্স। ময়মনসিংহ মাস্টার্স ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ১০০ বলের এই টুর্নামেন্টের ফাইনালে গতকাল ময়মনসিংহ থান্ডারকে ৮ উইকেটে হারিয়েছে ময়মনসিংহ রাইডার্স।

গতকাল সার্কিট হাউজ মাঠে টস হেরে ব্যাট করে ৯ উইকেটে ১১৬ রান তোলে ময়মনসিংহ থান্ডার। ফরহাদ রেজা ১৩ বলে ২৮ রান করেন। তিনটি করে উইকেট নেন রনি ও স্বাধীন। জবাবে ওপেনিংয়ে উত্তম ও মনিরের ৫৫ রানের জুটিতে দারুণ সূচনা পায় ময়মনসিংহ রাইডার্স। তারা দুজন ফেরার পর সাব্বির রহমান ও আল আমিন জুনিয়রের ব্যাটে ৮ বল বাকি থাকতেই ম্যাচ জিতে যায় দলটি। সাব্বির ৩৭ ও আল আমিন ২৩ রানে অপরাজিত ছিলেন। শুভাগত হোম টুর্নামেন্ট সেরা হন।

পুরস্কার বিতরণ করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। ওয়ালটনের নির্বাহী পরিচালক মিল্টন আহমেদসহ অন্যরা উপস্থিত ছিলেন।