‘নবাব এলএলবি’ চলচ্চিত্রের পরিচালক ও অভিনেতা কারাগারে

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২০, ০০:২৭

মুক্তির অপেক্ষায় থাকা ‘নবাব এলএলবি’ চলচ্চিত্রের একটি দৃশ্যে পুলিশকে হেয় করে সংলাপ উপস্থাপন করার অভিযোগে চলচ্চিত্রটির পরিচালক ও এক অভিনেতাকে গ্রেফতারের পর কারাগারে পাঠানো হয়েছে। তারা হলেন—পরিচালক অনন্য মামুন ও অভিনেতা শাহীন মৃধা।

গত বৃহস্পতিবার পুলিশ বাদী হয়ে রমনা থানায় তিন জনকে আসামি করে মামলা করেন। ঐ মামলার তিন আসামি হলেন—পরিচালক অনন্য মামুন, অভিনেতা শাহীন মৃধা ও চলচ্চিত্র নায়িকা স্পর্শিয়া। মামলার পরে বৃহস্পতিবার মধ্য রাতে মিরপুর এলাকা থেকে পরিচালক অনন্য মামুন ও অভিনেতা শাহীন মৃধাকে গ্রেফতার করা হয়।

শুক্রবার আদালতে হাজির করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এদিকে মামলার অপর আসামি চলচ্চিত্র নায়িকা স্পর্শিয়াকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানা গেছে।

পুলিশ সূত্র জানায়, নবাব এলএলবি চলচ্চিত্রটি আংশিকভাবে অনলাইনে মুক্তি দেওয়া হয়েছে। এই চলচ্চিত্রের একটি দৃশ্যে ধর্ষণের শিকার হওয়া একজন নারীকে পুলিশ চরিত্রে অভিনয়কারী ব্যক্তি অশালীন ও আপত্তিকর ভাষায় প্রশ্ন করতে দেখা গেছে। এতে একদিকে যেমন পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে, তেমনি নারীর প্রতিও অবমাননা করা হয়েছে বলে পুলিশ মনে করছে। সে কারণে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ধর্ষণের শিকার এক নারী থানায় পুলিশের কাছে গিয়ে অভিযোগ করলে পুলিশের জিজ্ঞাসাবাদ ও প্রশ্নোত্তর দেখানো হয়েছে। সেখানে ধর্ষণের বর্ণনা ও জিজ্ঞাসাবাদ অত্যন্ত আপত্তিকর ভাষায় করা হয়েছে। যা সুস্থ বিনোদনের পরিপন্থি হওয়ায় পরিবার-পরিজনসহ একত্রে বসে দেখা সম্ভব নয় এবং যা জনসাধারণের মধ্যে পুলিশ সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি করবে। এই ভিডিওটি বাংলাদেশ পুলিশ বাহিনীর জন্য মানহানিকর এবং ভিডিওর মাধ্যমে বাংলাদেশ পুলিশ বাহিনীকে জনসাধারণের সম্মুখে অত্যন্ত নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে।